প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মরশুমে (Durga Puja 2026) এবার রোগীদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ (Burdwan Medical College And Hospital)। দুর্গাপুজোর দিনগুলিতে তাঁদের জন্য আয়োজন করা হল বিশেষ ভোজের। রুই মাছের কালিয়া থেকে শুরু করে আয়োজন করা হয়েছে খাসির মাংস-ভাত। অসুস্থতার একঘেয়েমি কাটিয়ে রোগীদের মনে পুজোর আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে রোগীদের পরিবার
অষ্টমীতে আয়োজন নিরামিষ ভোজের
হাসপাতাল সূত্রে খবর, রোগীদের কথা মাথায় রেখে প্রতিদিনের খাবারের তালিকায় আনা হয়েছে নানা বৈচিত্র্য। অষ্টমীতে রীতি মেনে রোগীদের জন্য ছিল সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছিল। যেখানে রাখা হয়েছিল, ফুলকপি-আলুর তরকারি ও পনির মশলা। তবে পুজোর বাকি দিনগুলোতে ছিল মুগ ডাল, নবরত্ন তরকারি, পনিরের পদ ও রাতের খাবারে ছিল ডিমের কারি, মিক্সড ভেজ। এছাড়াও নবমী এবং দশমীতেও নানা এলাহী আয়োজন করা হয়েছে।
দশমীতে হবে মাংস ভাত
জানা গিয়েছে, রোগীদের জন্য নবমীর দুপুরে রান্না করা হয়েছিল সুগন্ধি ভাত, মুসুর ডাল, মিক্সড ভেজ, রুই মাছের কালিয়া এবং চাটনি। এলাহী আয়োজন করা হয়েছে দশমীর ভোজেও। সেখানে রোগীদের জন্য দুপুরে করা হয়েছে খাসির মাংস-ভাত এবং শেষপাতে মিষ্টি। তবে সুস্বাদু খাবারের পাশাপাশি স্বাস্থ্যবিধির দিকেও নজর রাখা হচ্ছে। রোগীর শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ মেনেই খাবার বানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি বরাদ্দ বৃদ্ধির ফলেই রোগীদের জন্য এমন বিশেষ খাবারের আয়োজন করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: হিন্দু পরিচয় দিয়ে প্রেমের ফাঁদ যুবকের, বরানগরে বহুতল থেকে ঝাঁপ তরুণীর, বাড়ছে রহস্য
প্রসঙ্গত, সরকারি হাসপাতালে সকাল, দুপুর ও রাতের খাবারের জন্য ২০১৭ থেকে রোগী পিছু বরাদ্দ করা হয়েছিল ৫৬ টাকা ৬৪ পয়সা। তখন খাবারের গুণমান নিয়েও দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠে আসছিল। শেষে সরকার পরিবর্তনে খাবারের গুণমান নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হল। ২০২৬-’২৭ অর্থ বর্ষের বাজেটে রোগী পিছু বরাদ্দ ১১০ টাকা করার কথা ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যদিও সেই নিয়ে পরে নানা মামলা মোকদ্দমা হয়েছিল বটে তবে পুজোর মরশুমে সরকারি হাসপাতালে রোগীদের জন্য এই আয়োজন সকলকে অবাক করে দিয়েছে।