সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন সরকারের হাত ধরে আরও চাকরি হবে বাংলায়। আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার রাজ্যের নবনিযুক্ত ১১ হাজার কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিশিষ্ট নেতা-নেত্রীরা। এই অনুষ্ঠানে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নভেম্বরের শেষ সপ্তাহেই ৯০০০ পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।
নভেম্বরের শেষেই ফের ৯০০০ পুলিশ কর্মী নিয়োগ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন, নতুন সরকারের আওতায় সরকারি চাকরিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ করা হবে। এমনকি বিজেপি সরকার আসার পর রাজ্যের ওবিসি জট কেটেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রে আগামী দিনগুলোতে আরও হাজার হাজার কর্মী নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি তিনি আরও দাবি করেন, দুই বছরের মধ্যেই পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকে ছাপিয়ে যাবে পশ্চিমবঙ্গ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের সরকারের তৈরি করা আইনি জটিলতা অনেকটাই কাটিয়ে আসা সম্ভব হয়েছে। স্বচ্ছভাবেই এবার করা হবে নিয়োগ। বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আইনি বাধা কাটাতে সরকারি আধিকারিকদের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “আমি কথা দিয়ে গেলাম যে আরও সাড়ে চার বছর এই সরকার আছে। কোথাও এতটুকু ত্রুটি হবে না। নিয়োগ হবে।”
আরও পড়ুন: “পরিবর্তন না হলে এই নিয়োগ হত না”, ১১ হাজার কনস্টেবলের হাতে নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর
এছাড়া রাজ্যের সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চালানোর ঘটনাকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে দেশে প্রতি ১ লক্ষ মানুষ পিছু গড়ে ১৫৫ জন পুলিশ রয়েছেন। উত্তরপ্রদেশে সেই সংখ্যা ২০০। পশ্চিমবঙ্গে সবচেয়ে কম। মাত্র ১০৫ জন। এই ঘাটতি মেটাতেই নভেম্বরের শেষ সপ্তাহে আরও ৯০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যে কলকাতা পুলিশে ৪০০০ কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ৬৫০ জন ক্লার্ক এবং ১১৩১ জন এসআই নিয়োগ হবে বলেও আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।