প্রীতি পোদ্দার, কলকাতা: চারদিকে কংক্রিটের দেওয়ালে ঘেরা সুরক্ষিত এনক্লোজার থাকলেও আটকে রাখা গেল না বক্সার রয়্যাল বেঙ্গলকে (Buxa Tigress Escapes)। দেওয়ালের নীচের মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে ফের অসমের পথে পালিয়ে গেল বাঘিনী (Tiger Escapes to Assam)। জানা গিয়েছে, এখনও সেই বাঘিনীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে জনজাতির নিরাপত্তার কথা মাথায় রেখেই বন দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশ্ন উঠছে কীভাবে বন দফতরের এত কড়া নজরদারি এড়িয়ে বেরিয়ে গেল ডুয়ার্সের রানি।
পাঁচ দিনের মাথায় গায়েব বাঘিনী
বন দফতর সূত্রে খবর, গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার ডটমা এলাকার গিলাগুড়িতে পশ্চিমবঙ্গ ও অসমের বন দফতরের যৌথ অভিযানে তিনটি কুনকি হাতির সাহায্যে বক্সারের বাঘিনিকে ঘিরে ফেলা হয়েছিল। এবং ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে বক্সায় ফিরিয়ে এনে পুনরায় এনক্লোজারে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু গতকাল রবিবার দুপুরে ফের সেই এনক্লোজার থেকে পালিয়ে যায় ‘ডুয়ার্সের রানি’। জানা গিয়েছে, এনক্লোজারের চারপাশে থাকা প্রায় দু’ফুট চওড়া ও চার ফুট গভীর কংক্রিটের দেওয়ালের নীচের মাটি পায়ের সাহায্যে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করেছিল সে। সেই সুড়ঙ্গ দিয়েই সুরক্ষা বলয় ভেঙে বাইরে বেরিয়ে আসে বাঘিনি। ইতিমধ্যেই বাঘিনির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
বিহার থেকে উদ্ধার করা হয়েছিল বাঘিনীকে
বন দপ্তরের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, গতকাল, ২৫ মাইল টাওয়ার সংলগ্ন প্রাকৃতিক এনক্লোজার থেকে পূর্ব দিকে এগোতে শুরু করে বাঘিনিটি। পথে বালা নদী পেরিয়ে পৌঁছে যায় ২৭ মাইল বনবস্তি এলাকায়। বাঘের এমনভাবে পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল বলেই মনে করছেন বনকর্তারা। এর আগে, উত্তরবঙ্গে বাঘের সংখ্যা বৃদ্ধি এবং বক্সার জঙ্গলে বাঘের স্থায়ী বসতি গড়ে তুলতে গত ২৭ সেপ্টেম্বর, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তিন বছর বয়সি বাঘিনিকে নিয়ে আসা হয়েছিল বক্সারে। কিন্তু, ৪ অক্টোবর সেখান থেকে পালিয়ে যায় বাঘিনি। সংকোশ নদী পেরিয়ে পৌঁছে যায় অসমের রাইমোনা বনাঞ্চলে।
আরও পড়ুন: ৩০ লক্ষের প্যান্ডেল পুড়ে ছাই! মাত্র ১২ ঘণ্টায় নতুন মণ্ডপ তৈরি করে নজর কাড়ল পাঁশকুড়া
বাঘিনীর এমন বারংবার পালিয়ে যাওয়া নিয়ে রাজ্যের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমারকী জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন,বিষয়টি নিয়ে বনমন্ত্রী যা বলার বলবেন। অন্যদিকে, মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, আধিকারিকরা বিষয়টি দেখছেন, তিনি এ নিয়ে এখনই কিছু বলবেন না। এদিকে বনকর্তাদের একাংশের অনুমান, অসমের জঙ্গলে থাকাকালীন কোনও পুরুষ বাঘের সঙ্গে ওই বাঘিনীর পরিচয় তৈরি হয়েছে। এখন সেই পুরুষ বাঘের গন্ধ অনুসরণ করেই হয়তো অসমের দিকে এগিয়ে চলেছে সে। বক্সার জঙ্গলেও ওই পুরুষ বাঘের নিয়মিত আনাগোনা রয়েছে বলে অনুমান বনকর্তাদের।