সৌভিক মুখার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে এবার মজার ঘটনা শোনালেন রাজ্যের রাজ্যপাল। ঝাড়খণ্ডের পালামু লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ব্রজমোহন রাম সম্প্রতি ওড়িশার রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। তবে তিনি জানান যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে বারবার ফোন করলেও তিনি উত্তর দেননি। এমনকি পরে তাঁকে জানানো হয় যে তিনি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন! তিনি জানান, মঙ্গলবার সকালে তাঁর মোবাইল ফোনে একটি প্রাইভেট নম্বর থেকে অন্তত ১০ বার ফোন এসেছিল। কিন্তু নম্বরটি দেখা না যাওয়ায় তিনি ফোন ধরেননি।
১০ বার ফোন করেছিলেন প্রধানমন্ত্রী!
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রজমোহন জানিয়েছেন, তিনি একটি প্রাইভেট নম্বর থেকে ফোন পান। তাঁকে জানানো হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলবেন। এরপর মোদী তাঁকে ‘জোহর’ বলে সম্বোধন জানান এবং তাঁর সংগঠনের খোঁজখবর নেন। এমনকি আরও জানান যে তাঁকে সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। ব্রজমোহন বলেন, সেদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানান যে তাঁকে রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হচ্ছে। কিন্তু তাঁকে বলা হয়েছিল যে ততদিন পর্যন্ত এই তথ্যটি যেন তিনি কারও সঙ্গে না শেয়ার করেন।
উল্লেখ্য, ওড়িশার রাজ্যপাল নিযুক্ত হওয়ায় ঝাড়খণ্ডের বিজেপি নেতারা প্রাক্তন সাংসদ ব্রজমোহন রামকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন। এমনকি বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ জানিয়েছেন যে ওড়িশার মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়া ঝাড়খণ্ডের জন্য যথেষ্ট গর্বের বিষয়। এমনকি বিরোধী দলীয় নেতা বাবুলাল মারান্ডি জানিয়েছেন, ব্রজমোহন রাম তাঁর অভিজ্ঞতা আর দিকনির্দেশনার মাধ্যমে ওড়িশার সাংবিধানিক দায়িত্ব সফলভাবে পালন করবেন।
আরও পড়ুন: ইমেইল পাঠিয়েও হল না কাজ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক
পাশাপাশি ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিজেপি নেতা রঞ্জিত রাম এই নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ব্রজমোহন রামের রাজ্যপাল হিসেবে নিয়োগ ঝাড়খণ্ডের দলিত সম্প্রদায়ের জন্য গর্ব এবং আনন্দের বিষয়। তিনি আরও বলেছেন, বিজেপি রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল পর্যন্ত সাংবিধানিক পদে উন্নীত করে দলিত সম্প্রদায়কে সম্মানিত করছে।