সহেলি মিত্র, কলকাতা: এবার পুলিশ কর্মীদের (West Bengal Police) গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা হবে। অনেকেই কাজে দেরিতে আসছেন বলে অভিযোগ। কেউ কেউ তো আবার ডিউটিতে হাজির না হয়েও খাতায়-কলমে তাদের উপস্থিতি থাকছে। এদিকে এরকম পরিস্থিতির সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে উচ্চপদস্থ আধিকারিকদের। ফলে এই বিষয়টির উপর রাশ টানতেই এবার বড় পদক্ষেপ নেওয়া হল। কিছু পুলিশ কর্মীদের ফাঁকিবাজি রোধ করতে বিশেষ একটি অ্যাপ লঞ্চ করল লালবাজার (Lalbazar)। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলুন এই অ্যাপ কীভাবে কাজ করবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিশেষ অ্যাপ লঞ্চ করল লালবাজার
কাজে আসতে কেন দেরি হচ্ছে? অনেক কর্মীর যুক্তি যে থানা তাঁদের দেরি করে জানিয়েছে। তাই দেরি হয়েছে। যদিও এবারে আর এই বিষয়টি হবে না। কারণ নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কলকাতা পুলিশের কর্মীদের ডিউটির তথ্য জানিয়ে দেওয়া হবে। ডিউটিতে থাকা পুলিশকর্মীদের নির্ধারিত জায়গায় পৌঁছে সময় উল্লেখ করে ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। কোথায় কতজন পুলিশ মোতায়েন হবেন, তা সভাস্থলে সম্ভাব্য ভিড়ের ভিত্তিতে ঠিক করা হবে। ডিভিশনগুলির পাঠানো তালিকা অনুযায়ী লালবাজার থেকে ডিউটি বণ্টন করা হবে।
আরও পড়ুনঃ রেশন কার্ড নিয়ে হয়রানি, বনগাঁয় গ্রাহকদের অভিযোগ শুনেই অ্যাকশনে খাদ্যমন্ত্রী
আগে ডিউটি বণ্টন ও কর্মীদের উপস্থিতি নিয়ে নানা বিশৃঙ্খলার অভিযোগ ছিল। অনেক সময় থানাগুলি শেষ মুহূর্তে কর্মী দেওয়ার সংখ্যা জানাত, ফলে পরিকল্পনায় সমস্যা তৈরি হত। ডিউটি পাওয়ার পরেও কেউ দেরিতে পৌঁছতেন, আবার কেউ হাজিরই হতেন না। নতুন অ্যাপের মাধ্যমে ডিউটি বণ্টন ও কর্মীদের উপস্থিতির উপর নজরদারি আরও সুনির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কীভাবে কাজ করবে অ্যাপটি?
তৃণমূল জমানায় পুলিশ বাহিনীতে শৃঙ্খলার অভাবের অভিযোগ ওঠার পর পালাবদলের পর বিষয়টি নজরে আসে লালবাজারের কর্তাদের। এবার আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি আরও সুশৃঙ্খল করতে চালু হচ্ছে বিশেষ অ্যাপ। সেখানে কোন থানা থেকে কতজন পুলিশকর্মী এবং কার কোথায় ডিউটি, তার তালিকা থাকবে। অ্যাপ দেখে ওসিরা কর্মীদের দায়িত্ব জানিয়ে দেবেন। ডিউটিস্থলে পৌঁছে নির্দিষ্ট সময়ে পুলিশকর্মীদের ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। এর ফলে উপস্থিতির প্রমাণ থাকবে এবং ডিউটিতে ফাঁকি বা দেরি কমবে বলে মনে করছেন আধিকারিকরা।