বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শহরে (Kolkata) আসছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Lionel Messi)! আর্জেন্টাইন মহাতারকার সাম্প্রতিক সফর ঘিরে ব্যাপক জল ঘোলা হলেও সেই অন্ধকার দশা কাটিয়ে ফের আর্জেন্টিনার অধিনায়ককে কলকাতায় নিয়ে আসতে উদ্যোগী শতদ্রু দত্ত! কয়েকটি সূত্র মারফত খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই মেসিকে কলকাতা সফর করাতে পারেন শতদ্রু। তাতে প্রিয় তারকাকে কাছ থেকে দেখার পাশাপাশি তাঁর খেলা উপভোগ করারও নাকি সুযোগ থাকবে।
ফের কবে কলকাতায় আসবেন মেসি?
মেসির সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলায় জেলে যেতে হয়েছিল বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তকে। দীর্ঘদিন জেলে থাকার পর আদালতেও উঠতে হয়েছে তাঁকে। তবে রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে অতীত স্মরণ করে বারবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিশানা করেছেন শতদ্রু। অরূপ সহ তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করেছেন তিনি। সেই সাথে রাজ্যে পালাবদলের পর শতদ্রু জানিয়েছেন, তিনি আবার মেসিকে শহরে নিয়ে আসতে চান।
গত 16 জুলাই, আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচের দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেসিকে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন শতদ্রু। বাঙালি ক্রীড়া সংগঠক নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, “আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।” এদিন মেসির নাম উল্লেখ না করলেও শতদ্রু বুঝিয়ে দিয়েছেন খুব শীঘ্রই মেসিকে ফের শহরে আনতে চলেছেন তিনি।
অবশ্যই পড়ুন: এ বছরও গোল্ডেন বুট হাত ছাড়া হতে পারে মেসির, কারণ জেনে নিন
বলাই বাহুল্য, নতুন করে শনিবার নিজের ফেসবুক পেজে শতদ্রু দত্ত নিউইয়র্ককে নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, “নেভার সে নেভার.. আসছে বছর…” শতদ্রুর এই এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে শহরের মেসি ভক্তরা বুঝেই গিয়েছেন ফুটবল বিশ্বকাপ শেষ হলেই মেসিকে ভারতে নিয়ে আসার তোড়জোড় শুরু করে দেবেন বাঙালি ক্রীড়া সংগঠক। সূত্রের খবর, গত বছর হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে দেখতে না পেলেও এবার ভক্তদের সেই আশা পূরণ করবেন শতদ্রু!