আনিষা চৌধুরী, কলকাতা: কেন্দ্রীয় স্কলারশিপের (Scholarship) নিয়মে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন নির্দেশ অনুযায়ী, কোনও পড়ুয়া যদি একই সঙ্গে ওয়েলফেয়ার-ভিত্তিক এবং মেধাভিত্তিক স্কলারশিপের যোগ্য হন, তাহলে শুধু একটি বৃত্তি পাওয়ার কারণে অন্যটি বাতিল করা যাবে না। অর্থাৎ, যোগ্যতার মাপকাঠি পূরণ করলে পড়ুয়ার প্রাপ্য দুই ধরনের বৃত্তিই বহাল থাকবে।
দুই ধরনের স্কলারশিপ আলাদা করে দেখার নির্দেশ
এতদিন সাধারণভাবে ‘এক পড়ুয়া-এক স্কলারশিপ’ নীতি মেনে চলা হত। কিন্তু বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও ছাত্রকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে ‘স্কলারশিপ’ শব্দটি একই ভাবে ব্যবহৃত হওয়ায় বিভ্রান্তি তৈরি হত। সেই সমস্যা এড়াতে কেন্দ্রীয়ভাবে বৃত্তিগুলিকে মেধাভিত্তিক এবং ওয়েলফেয়ার-ভিত্তিক এই দুই ভাগে চিহ্নিত করা হয়েছে। মেধাভিত্তিক প্রকল্পের মধ্যে রয়েছে এনএমএমএসএস, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কেন্দ্রীয় ক্ষেত্রের স্কলারশিপ এবং ইনস্পায়ার। অন্যদিকে, এসসি, এসটি ও সংখ্যালঘু পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক বৃত্তি রয়েছে ওয়েলফেয়ার-ভিত্তিক প্রকল্পে।
স্কলারশিপের আবেদন এবং যাচাই প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন করা হয়েছে। প্রথমবার আবেদনের সময় দেওয়া সাধারণ তথ্য পরবর্তী আবেদনে ফের ব্যবহার করা হবে। সেই তথ্য বা শিক্ষাগত, প্রতিষ্ঠান কিংবা কোর্স সংক্রান্ত কোনও বিষয় পরিবর্তন করতে হলে আগের জমা দেওয়া আবেদনগুলি পড়ুয়াকেই প্রত্যাহার করতে হবে। যাচাইয়ের সময় প্রথম আবেদনে দেওয়া টিউশন ফি, ভর্তি ফি এবং অন্যান্য ফেরতযোগ্য নয় এমন ফি-র তথ্য পরবর্তী আবেদনে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
আরও পড়ুন: গ্রান্ট-ইন কর্মী ও শিক্ষকদের জন্য DA কবে? হাইকোর্টে জানাল রাজ্য সরকার
একাধিক আবেদনেই নজর রাখতে পারবেন আধিকারিকরা
দ্বিতীয় দফার যাচাইয়ের সময় সংশ্লিষ্ট নোডাল অফিসার কোনও পড়ুয়ার জমা দেওয়া সব আবেদন এবং তার বর্তমান অবস্থা দেখতে পারবেন। ফলে একই পড়ুয়া একটি মেধাভিত্তিক ও একটি ওয়েলফেয়ার-ভিত্তিক স্কলারশিপে আবেদন করলে, দুই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকই সেই ছাত্রের প্রতিটি আবেদনের তথ্য ও বর্তমান অবস্থা দেখতে পারবেন। কেন্দ্রের মতে, এতে একাধিক বৃত্তির আবেদনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় সামঞ্জস্য রাখা সহজ হবে। তবে কোনও আবেদনে সাধারণ বা শিক্ষাগত তথ্যের ভুল ধরা পড়লে সংশ্লিষ্ট পড়ুয়ার অন্য আবেদনগুলিও বাতিল হতে পারে।