বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের সাথে জুড়বে ডোভি-রাজগির, বোধগয়াকেও জোড়ার প্রস্তুতি

অনন্যা সরকার, বিহার: রাজ্যের বিভিন্ন নির্মীয়মান হাইওয়ে ও এক্সপ্রেসওয়ের সঙ্গে প্রধান শহর ও পর্যটন কেন্দ্রগুলিকে সংযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বিহার সরকার। গয়া জেলার ডোভি এবং নালন্দা জেলার রাজগিরকে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের (Varanasi-Kolkata Expressway) সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। একই সাথে, রাজগির ও বোধগয়াকে আমাস দারভাঙ্গা এক্সপ্রেসওয়ের (Amas Darbhanga Expressway) সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিহার সরকারের তরফে এবিষয়ে কেন্দ্রের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) প্রজেক্টের শাখা সড়কের (Spur) মাধ্যমে এই শহরগুলিকে সংযুক্ত করা হবে।

শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বিহার সরকারের উদ্যোগ

সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, বিহারের ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রগুলিকে প্রধান সড়কগুলির সঙ্গে যুক্ত করার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে তৈরি হতে চলা এক্সপ্রেসওয়ে দিয়ে দূর-দূরান্ত থেকে আসা মানুষও এই শাখা সড়কগুলির মাধ্যমে সহজেই তাঁদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গকে সংযুক্ত করতে চলেছে। 

উল্লেখযোগ্যভাবে, বিহারে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়েটি ১৭০ কিলোমিটার বিস্তৃত হবে। এটি কৈমুর, রোহতাস, ঔরঙ্গাবাদ ও গয়া জেলার ওপর দিয়ে যাবে। বিহারে এই এক্সপ্রেসওয়ে সাতটি প্যাকেজে তৈরি করা হচ্ছে। এটি শাখা সড়কের মাধ্যমে ডোভি এবং রাজগিরের সঙ্গে সংযোগ স্থাপন করতে করতে চলেছে। এর ফলে বহু সাধারণ মানুষ ও পর্যটক ব্যাপকভাবে উপকৃত হবেন। এলাকার বাসিন্দারা এই দ্রুতগতির করিডোরটি ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বা উত্তর প্রদেশে পৌঁছাতে পারবেন।

আরও পড়ুন: ৫০০ স্টেশনে বসবে ‘বেবি ফিডিং রুম’, মায়েদের জন্য বড় উপহার রেলের

অন্যদিকে, ঐতিহাসিক শহর বোধগয়া ও রাজগিরকে যুক্ত করার জন্য আমাস-দারভাঙ্গা এক্সপ্রেসওয়ের সাথে একটি শাখা সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য মোট ১৯৮ কিলোমিটার। এই নির্মিতব্য প্রকল্পটি গয়া জেলার আমাসে অবস্থিত জিটি রোডকে উত্তর বিহারের কেন্দ্রে অবস্থিত গুরুত্বপুর্ণ শহর দারভাঙ্গার সাথে সরাসরি যুক্ত করবে। এক্সপ্রেসওয়েটি ঔরঙ্গাবাদ, গয়া, জেহানাবাদ, পাটনা, বৈশালী, সমস্তিপুর এবং দারভাঙ্গার ওপর দিয়ে যাবে। এই সড়ক চারটি প্যাকেজে তৈরি করা হচ্ছে। প্রশাসনিক সূত্র মারফৎ জানা গেছে, কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর দ্রুত এই শাখা সড়কগুলির নির্মাণকাজ চালু হয়ে যাবে।

Leave a Comment