প্রীতি পোদ্দার, কলকাতা: নয়া বিজেপি সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা (West Bengal Bus Service) চালু করার পর থেকেই সাম্প্রতিক সময়ে সরকারি বাস পরিষেবা নিয়ে মহিলাদের একটা বড় অংশের মনে ক্ষোভ ও অভিযোগ জমা হচ্ছে। কারণ বেশিরভাগ বাসস্ট্যান্ডে মহিলারা বা সাধারণ যাত্রীরা দাঁড়িয়ে থাকলেও অনেক সময় সরকারি বাস না থেমেই চলে যাচ্ছে। আর এই ধরনের বিশৃঙ্খলা ও যাত্রী হয়রানি সম্পূর্ণভাবে রুখতে এবার প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল দপ্তর (WB Transport Department)। শুধু তাই নয় রাজ্যের পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।
বাসের কন্ডাক্টরদের শরীরে বসবে বডি ক্যামেরা
মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে ডিউটি চলাকালীন সমস্ত সরকারি বাসের কন্ডাকটরদের পোশাকে লাগানো থাকবে বডি ক্যামেরা। এর ফলে দুটি কাজ সম্পন্ন হবে, যার মধ্যে একটি হল কন্ডাকটর বা চালকদের উপর নজর রাখা, এবং অপরটি হল যাবতীয় অনিয়ম বা বিশৃঙ্খলা রোখা। পাশাপাশি পরিবহন পরিষেবা নেওয়ার সময় যাত্রী সুবিধার্থে যে কোনও জরুরি সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করেছে পরিবহণ দপ্তর (WB Transport Department)। যাতে কোনো যাত্রী অভিযোগ জানালে দপ্তরে কর্মরতরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে। ইতিমধ্যেই পরিবহণ নিগমের অধীনস্থ এই কন্ট্রোল রুমগুলির নম্বরও প্রকাশ করা হয়েছে।
চালু হল হেল্পলাইন পরিষেবা
জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC-র হেল্পলাইন নম্বর: ৯০৪৬২২৯০২৫, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা SBSTC-র হেল্পলাইন নম্বর : ৭৬৯৯৯৯৩৯৩০, সিটিসি বা ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১ এবং ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য ৯৪৩২৫৯৭০৯৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা। এছাড়াও রাজ্যের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে অত্যন্ত কম খরচে নতুন বাস পারমিট দেওয়ার এবং গ্রামীণ ও শহরাঞ্চলে ছোট অটো ও টোটো চালুর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে অন্যান্য রাজ্যে আরও ফুটিয়ে তুলতেও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্গাপুজোর মধ্যেই চালু হবে এসি ও নন-এসি বাস
সূত্রের খবর, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও সিকিমের মতো ভিন রাজ্যের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী দিনে বাংলা থেকে সরাসরি বাস চলাচল করবে। আর এই বাসগুলির গায়ে স্পষ্টভাবে ‘পশ্চিমবঙ্গ’ নামটি উল্লেখ করা থাকবে, যাতে ভিন রাজ্যেও এই রাজ্যের পরিচিতি আরও বেড়ে যায়। এছাড়াও সড়ক নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের জন্য ৪.৩৫ কোটি টাকার বিশেষ প্রকল্পও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দুর্গাপুজোর মধ্যেই রাজ্যবাসীর জন্য একগুচ্ছ নতুন এসি ও নন-এসি বাস রাস্তায় নামানোর ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এবং ২০২৭ এর মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন রুটে প্রায় ১০০০ নতুন সরকারি বাস নামানোর চিন্তা ভাবনা করা হয়েছে।
আরও পড়ুন: অনলাইনে টিকিট কেটে ভুলেও করবেন না এই ভুল! হবে দ্বিগুণ জরিমানা, জানাল রেল
প্রসঙ্গত, রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য নানা দিকে নজর রাখছে পরিবহন দপ্তর। আর সেই ব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য অ্যাপ-ক্যাবগুলির বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছে পরিবহণ দফতর। OLA ও Uber এর মতো জনপ্রিয় রাইড-শেয়ারিং এগ্রিগেটর সংস্থাগুলিকে অবিলম্বে তাদের সমস্ত ক্যাবে কমার্শিয়াল নম্বর প্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য সংস্থাগুলিকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা ফিরিয়ে আনতে ইতিমধ্যেই অর্জুন সিং বেলারুশ ও মেলবোর্নের একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে পরিবর্তনের বাংলায় পরিবহন ব্যবস্থা উন্নততর হচ্ছে।