সহেলি মিত্র, কলকাতা: সকাল থেকেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি (Weather Update) হচ্ছে বাংলায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ট্রপিকাল স্টর্ম বা অতি গভীর নিম্নচাপ। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে সিস্টেমটি কলকাতা থেকে প্রায় ৬৮৬ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং দীঘা থেকে প্রায় ৪১৬ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। সবথেকে বড় কথা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে পশ্চিমমুখী অগ্রসর হয়ে শ্রীকাকুলাম উপকূল অতিক্রম করতে পারে। যাইহোক, বর্তমানে নিম্নচাপের (Low Pressure) প্রভাব ভালো মতোই বাংলাতেও পড়েছে। সোমবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। তবে বিকেল থেকে সন্ধের মধ্যে আরও কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
কিছুক্ষণের মধ্যে বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ
সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ আর্দ্রতাবাহী মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিকেল থেকে সন্ধের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
আরও পড়ুনঃ অক্টোবর থেকেই যুবশক্তির আবেদন! জোগাড় করে রাখুন এই ৮টি ডকুমেন্ট
বুধবার থেকে হাওড়া, কলকাতা বাদে বাকি জেলাগুলিতে অবিরাম বৃষ্টির সঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারের অবধি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, সকাল থেকে বিভিন্ন জেলাতেই বৃষ্টি হচ্ছে। যদিও বিকেলের দিকে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার থেকে আবার ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে উত্তরবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায়। এছাড়া বৃষ্টি চলতে পারে বাদবাকি জেলাগুলিতেও বলে খবর।