অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটি খড়গপুর (IIT Kharagpur) আবারও সমাদৃত হল বিশ্বের দরবারে। সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং এলসেভিয়ার (Elsevier) প্রকাশনা সংস্থা যৌথভাবে ‘বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানী’ (World Top 2% Scientists)-র তালিকা প্রকাশ করেছে, যেখানে আইআইটি খড়গপুর দেশের শীর্ষ তিন প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে। এমনকি, সাম্প্রতিক সময়ে আন্দোলন ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এই তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছে (Indian Scientists)। জানিয়ে রাখি, ২২টি প্রধান বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৪টি উপ-ক্ষেত্রের ওপর ভিত্তি করে দুটি আলাদা তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে একটিতে গবেষকদের দীর্ঘ কর্মজীবনের সামগ্রিক প্রভাব বিচার করা হয়েছে এবং অন্যটি কোনও নির্দিষ্ট বছরে তাঁদের গবেষণার প্রভাবের ওপর নির্ভর করে তৈরি।
যাদবপুর ও আইআইটি খড়গপুরের গবেষকরা পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং এলসেভিয়ারের তালিকা অনুযায়ী, আইআইটি খড়গপুরের ৯৭ জন গবেষক বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন গবেষক এই কৃতিত্ব অর্জন করে নিয়েছেন। ১৩৯ জন গবেষক নিয়ে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) জাতীয় তালিকার শীর্ষে রয়েছে। এরপর ১১৪ জন গবেষক নিয়ে আইআইটি দিল্লি (IIT Delhi) দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানটি দখল করেছে আইআইটি খড়গপুর। এছাড়াও, এই তালিকায় আইআইটি মাদ্রাজের (IIT Madras) ৮১ জন গবেষক এবং আইআইটি বোম্বে (IIT Bombay) থেকে ৭৩ জন গবেষকের নাম রয়েছে। আবার, আইআইটি রুরকি (IIT Roorkee) থেকে ৬২ জন এবং আইআইটি কানপুর থেকে ৫৫ জন গবেষক স্থান করে নিয়েছেন।
তবে, বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ তাঁদের ৪৮ জন গবেষকের সংখ্যা বেনারস হিন্দু ইউনিভার্সিটি (৪৪ জন), ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (৪০ জন), দিল্লি ইউনিভার্সিটি (৩৮ জন) ও আইআইটি গুয়াহাটি (৩৭ জন)-এর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এই কৃতিত্ব প্রতিষ্ঠানটির গবেষণার ক্ষেত্র ও সক্ষমতাকে আবারও জনসমক্ষে তুলে ধরেছে।
আরও পড়ুন: মণিপুরে ফের হিংসার আগুন, ৪৮ ঘণ্টায় মৃত ৯, মোদীর দ্বারস্থ রাজ্যের মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, ভারতের ১,১৮৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ৩,৮৯৮ জন গবেষক এবারের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলি মধ্যে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ৩৫ জন, কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে ২৪ জন, বিআইটিএস পিলানি (BITS Pilani) থেকে ২৪ জন এবং অ্যামিটি ইউনিভার্সিটি থেকে ১৮ জন গবেষকের নাম রয়েছে এই তালিকায়।
প্রসঙ্গত, এলসেভিয়ার পত্রিকায় প্রকাশিত এই তালিকাটি মূলত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করেছেন। স্কোপাস (Scopus) ডেটাবেসের তথ্য ব্যবহার করা হয়েছে এবং সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স (h-index), গবেষণাপত্রের লেখকের অবস্থান ও যৌথ গবেষণায় অবদানের মতো বিষয়গুলো বিবেচনা করে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।