প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বছর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাই-বোনের পবিত্র বন্ধন উদযাপন করা হয়ে থাকে ভাইফোঁটার (Bhai Phonta 2026) মাধ্যমে। এই বিশেষ দিনে যমরাজের হাত থেকে ভাইয়ের অকালমৃত্যুর আশঙ্কা দূর করতে এবং তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য কপালে ফোঁটা দেওয়ার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। আর এবার সেই পবিত্র বন্ধনের এক নয়া চিত্র নজরে এল হলদিয়ায় (Haldia)। পথচারী ও ভবঘুরে মানুষদের কপালে দেওয়া হল চন্দনের ফোঁটা।
অন্য মুহুর্তের চিত্র হলদিয়ায়
ভাইফোঁটা বাঙালির কাছে ভাই-বোনের ভালবাসা, মঙ্গলকামনা ও দীর্ঘায়ু কামনার এক বিশেষ উৎসব। সারাবছর যতই খুনসুটি, ঝামেলা থাকুক না কেন এই দিনে পরিপাটি করে সেজে বোন দিদিরা সকলেই নিজেদের ভাই দাদাদের ফোঁটা দেয়। কিন্তু এই আনন্দের উৎসব থেকে বাদ পড়ে যান বেশ কিছু গরীব পথচারী ও ভবঘুরেরা। বছরের পর বছর ধরে তাঁরাও চান যেন দীর্ঘায়ু কামনার জন্য তাঁদের কপালেও ফোঁটা পড়ুক। কিন্তু কেউ এগিয়ে আসেনি। তবে হলদিয়ায় শোলাট বীরাঙ্গনা মাতঙ্গিনী সেবাশ্রম এক অন্য মুহুর্তের চিত্র তুলে ধরল।
আনন্দের আবেগে কেঁদে ফেললেন পথচারীরা
প্রাপ্ত খবর অনুযায়ী, বীরাঙ্গনা মাতঙ্গিনী সেবাশ্রমের সদস্যরা গতকাল, বুধবার মানবতার এক অনন্য চিত্র গড়ে তোলার জন্য সারা হলদিয়া জুড়ে সমস্ত ভবঘুরে ও পথচারীদের কপালে চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছিল। তাঁদের এই মহা উদ্যোগে অনেকেই বহু বছর পর এমন আদর, আপ্যায়ন এবং সম্মান অর্জন করে আনন্দের আবেগে কেঁদে দিয়েছিলেন। তাঁদের কাছে এই ভাইফোঁটা সত্যিই এক অন্যরকম আবেগ তুলে ধরেছিল। সব মিলিয়ে ভাইফোঁটার এক অনন্য চিত্র দেখল গোটা হলদিয়াবাসী।
আরও পড়ুন: শিবলিঙ্গ সরিয়ে মন্দির দখলের অভিযোগ! আরসালানে বুলডোজার চালানোর দাবি দিলীপের
আসলে উৎসবের আনন্দ যে শুধু নিজের পরিবার কিংবা আপনজনদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়, বরং উৎসব হল আনন্দ সমাজের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। তাইতো সেই বার্তাই সকলের কাছে ছড়িয়ে দিতে বীরাঙ্গনা মাতঙ্গিনী সেবাশ্রম এই উদ্যোগ নিয়েছে। তাঁরা প্রমাণ করে দিলেন যে, সম্পর্কের বাঁধন কখনোই রক্তের সম্পর্কে আটকে থাকে না, ভালোবাসা ও মানবিকতাই যে প্রকৃত সম্পর্কের পরিচয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই উদ্যোগের চিত্র ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই এই উদ্যোগকে অনেক প্রশংসা করেছে।