ভরা ISL-র মাঝেই বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলে, ছিটকে গেলেন মহেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসিকে 3- 1 গোলে গুড়িয়ে দিয়ে বাড়তি অক্সিজেন যুগিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে ক্ষমতা দেখিয়ে ছন্দে ফিরতেই খারাপ খবর পেল লাল হলুদ। চলতি ইন্ডিয়ান সুপার লিগের বাকি সিজন থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ফুটবলার নাওরেম মহেশ সিং। গতকাল অর্থাৎ মঙ্গলবার সে খবর জানিয়েছে লাল হলুদ কর্তৃপক্ষ। নববর্ষের আবহে মহেশের মতো ফুটবলারের ছিটকে যাওয়া মশাল বাহিনীর জন্য বড় ধাক্কা সেটা বলাই যায়।

চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল

চেন্নাইয়িন এফসির ম্যাচে জোরালো চোট পেয়েছিলেন দেশের অন্যতম সেরা ফুটবলার মহেশ। আর তারপরেই এই ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। অনেকে ধরেই নিয়েছিলেন হয়তো এবছর আর ইন্ডিয়ান সুপার লিগে ফুটবলে পা ছোঁয়াতেই পারবেন না তিনি। শেষ পর্যন্ত সেটাই হল। ISL এর বাকি অংশটুকু এই ভারতীয় ফুটবলারকে ছাড়াই লড়তে হবে ইস্টবেঙ্গলকে। যা অস্কার ব্রুজোর দলের জন্য বড় ধাক্কা সেটা বলাই যায়।

ইস্টবেঙ্গলের তরফে কী জানানো হয়?

মঙ্গলবার লাল হলুদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়েছিলেন মহেশ সিং। এই মুহূর্তে ক্লাবের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর চোট কতটা গুরুতর সেটা বোঝার চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে এই পরিস্থিতির মধ্যে বোধহয় তিনি আর বাকি সিজনে খেলা চালিয়ে যেতে পারবেন না। আমরা ওর দ্রুত সুস্থতা কামনা করি।”

অবশ্যই পড়ুন: চোখ জুড়াবে ৭ পাহাড়, তিস্তা দেখে, ঘুরে আসুন উত্তরবঙ্গের অফবিট ভালুখোপ থেকে

প্রসঙ্গত, গত ম্যাচে 57 মিনিটের মাথায় মহেশকে মাঠে নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। তবে বেশিক্ষণ সেখানে টিকে থাকতে পারেননি তিনি। মাত্র 10 মিনিট খেলেই হাঁটুতে চোট পেয়ে যান ভারতের অন্যতম সেরা ফুটবলার। যার কারণে তুলে দিতে হয় তাঁকে। এবার গোটা সিজন থেকেই বাদ পড়লেন মহেশ। কাজেই এই স্বদেশী প্লেয়ারকে ছাড়া আগামী দিনের লড়াইটা বেশ শক্ত হতে চলেছে ইস্টবেঙ্গলের পক্ষে।

Leave a Comment