বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়োজক হিসেবে চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশ (Bangladesh)! সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) খেলতে ঢাকায় গিয়ে হোটেলে রুম পাওয়া নিয়ে সমস্যার মুখে পড়তে হল ভারতীয় খেলোয়াড়দের। বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে ভারতীয় দলের। সেই মতোই গতকাল অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশে পৌঁছে গিয়েছে দেশের ফুটবলারেরা। কিন্তু সেখানে গিয়ে নৌশাদ মুসারা জানতে পারেন, তাঁদের থাকার জন্য কোনও হোটেলই বরাদ্দ করা হয়নি। আর এই ঘটনায় এবার প্রশ্ন উঠছে বাংলাদেশ এবং সাফ চ্যাম্পিয়নশিপ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে! কেউ কেউ বলছেন, আয়োজক দেশ হিসেবে ভারতকে ডেকে নিয়ে অপমান করল বাংলাদেশ!
ভারতীয় ফুটবলারদের অপমান করল বাংলাদেশ?
গতকাল দুপুরে ঢাকায় পৌঁছয় ভারতীয় ফুটবল দল। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় গুলশনের একটি হোটেলে। সেখানে গিয়েই ভারতীয় ফুটবল দল জানতে পারে, তাঁদের জন্য হোটেলে কোনও রুমের ব্যবস্থাই করা হয়নি। এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ। যা খবর, মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছে 4 ঘন্টা হোটেলে রুম পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল স্বদেশী ফুটবলারদের। শেষমেষ সন্ধ্যায় হয় সমস্যার সমাধান। জানা যাচ্ছে, এক হোটেলেই ভারতীয় প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
তবে, আয়োজক হিসেবে বাংলাদেশ কর্তৃপক্ষের এমন আচরণ ফুটবল মহলে একেবারেই ভাল বার্তা দিচ্ছে না। ভারতীয় ফুটবলারদের আমন্ত্রণ জানিয়ে তাঁদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর মধ্যে দিয়ে একপ্রকার অপমানই করেছে প্রতিবেশী দেশটি, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। যদিও এ নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার বা ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি নিয়ে অসন্তুষ্ট শুভমন গিল, ম্যাচ শুরুর আগেই করলেন বড় দাবি
উল্লেখ্য, গতবার কুয়েতের বিরুদ্ধে জয় দিয়ে এই প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিল ভারত। এ বছর যেহেতু ফিফা উইন্ডোর বাইরে এই টুর্নামেন্ট হচ্ছে, ফলে এবার এই আসরে নামার কথাই ছিল না ভারতীয় দলের। তাছাড়াও আসন্ন ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। এসব কথা মাথায় রেখেই বাংলাদেশে অনূর্ধ্ব 19 দলকে খেলতে পাঠিয়েছে ভারত।