বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরের ফুটবল ভক্তদের জন্য পাগল করা খবর! আগেই শোনা গিয়েছিল, কলকাতায় খেলতে আসছে ব্রাজিল (Brazil)। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে নিজেদের প্রীতি ম্যাচ খেলতে পারে তারা। এবার শোনা যাচ্ছে, ভারত বনাম ব্রাজিলের সেই দুর্ধর্ষ ম্যাচে উপস্থিত থাকবেন খোদ নেইমার জুনিয়র (Neymar)। বিশ্বকাপ চলাকালীন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও নাকি আনুষ্ঠানিকভাবে কলকাতাতেই নিজের ফেয়ারওয়েল নেবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
কলকাতাতে নিজের ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন নেইমার?
ব্রাজিলের Ge Globo এর রিপোর্ট অনুযায়ী, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসবে ব্রাজিল। তবে সেই ম্যাচ কোন দলের বিপক্ষে হবে তা জানানো হয়নি। পরবর্তীতে শোনা যায়, শহর কলকাতায় যুবভারতীর বুকে ভারতের বিপক্ষে খেলতে পারে ব্রাজিল দল। এবার শোনা যাচ্ছে, সেই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে নেইমারকে ফেয়ারওয়েল দিতে চাইছে ব্রাজিল!
আপাতত যা খবর, ব্রাজিলের ফুটবল ফেডারেশন কলকাতায় আসা নিয়ে নেইমারের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছে! এখন দেখার শেষ পর্যন্ত নেইমার কলকাতায় আসতে রাজি হন কিনা। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার যদি যুবভারতীতে পা রাখেন তবে নিজের ফুটবল জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে দিয়ে ইতিহাস রেখে যাবেন তিলোত্তমার বুকে।
অবশ্যই পড়ুন: শুরু হল ডিজিটাল জনগণনা, অনলাইনে সেলফ এনুমারেশন না করলে কী হবে?
উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপে দুর্ধর্ষ ছন্দে ছিল ব্রাজিল। যদিও রাউন্ড অফ 16 এ পা বাড়িয়ে নরওয়ের কাছে 2-1 ব্যবধানে হেরে যায় তারা। আর সেই পরাজয়ের ধাক্কা সামলে উঠতে না পেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন নেইমার।