বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আর তারপর থেকেই ভারতীয় ক্রিকেট নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) এই প্রাক্তন সদস্য। সম্প্রতি ভারতীয় টেস্ট দল নিয়েও মন্তব্য করতে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ককে। এবার তিনি মুখ খুললেন ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারকে নিয়ে। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কে? সেই নাম প্রকাশ করলেন রাহানে।
ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কে?
সম্প্রতি স্টিক টু ক্রিকেট নামক একটি পডকাস্টে হাজির হয়ে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রাহানে মুখ খোলেন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার প্রসঙ্গে। তিনি জানান, “আমার মনে হয় শুধুমাত্র একটি নাম বেছে নেওয়া খুব কঠিন। কিন্তু সচিন তেন্ডুলকর সম্ভবত ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার।” ক্রিকেটের ভগবান বলা হয় সচিনকে। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অসংখ্য ভক্তের হৃদয়ে সুখ দিয়েছেন তিনি। সেই মাস্টার ব্লাস্টারকেই ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে মেনে নিচ্ছেন রাহানে।
সাম্প্রতিক বছরগুলিতে, ভারতীয় দলের অংশ হয়েছেন একের পর এক তরুণ ক্রিকেটার। ব্যাট হাতে অল্প সময়ে প্রচুর রান করেছেন তাঁরা। বিরাট কোহলি, রোহিত শর্মারাও সচিন জামানার পর আলাদাভাবে নিজের নাম কামিয়েছেন। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সচিন তেন্ডুলকর কিন্তু একজনই। হাজারো চেষ্টা করলেও তাঁর মতো হওয়া যাবে না! আসলে ভারতের এই দাপুটে ক্রিকেটার এমন কিছু রেকর্ড গড়ে গিয়েছেন, যা আজ পর্যন্ত ভাঙতে পারেননি বিশ্বের কেউই!
অবশ্যই পড়ুন: ১১৪টি রাফালের মধ্যে ৯৪টিই তৈরি হবে ভারতে, প্রস্তাব পাঠাল ফ্রান্স
উল্লেখ্য, সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার 24 বছরেরও বেশি দীর্ঘ। এই সময়ের মধ্যে তিনি ভারতীয় দলের হয়ে 664টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যার মধ্যে 200টি টেস্ট খেলে 15,921 রান, 463টি ওয়ানডে খেলে 18,426 রান এবং মাত্র একটি টি-টোয়েন্টি খেলে 10 রান করেছিলেন তেন্ডুলকর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের জয়ে বিরাট অবদান রয়েছে সচিনের।