বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের (India Vs New Zealand) পঞ্চম ওয়ানডে ম্যাচ চলাকালীন সম্প্রচার করতে গিয়ে বেগ পেতে হলো নিউজিল্যান্ডের সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টসকে। জানা যাচ্ছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটে। যার জেরে একটা সময় টেলিভিশনে পুরোপুরি ম্যাচের সমস্ত দৃশ্য বা ছবি দেখা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ সিঙ্গেল ক্যামেরা ফিডে দেখতে হয়েছিল ম্যাচ। যদিও ইতিমধ্যেই যাবতীয় সমস্যা কাটিয়ে ফের স্বাভাবিকভাবে সম্প্রচারিত হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে।
আচমকা বন্ধ সম্প্রচার!
রবিবার, বে ওভালে পঞ্চম অর্থাৎ শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে জেতা দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ভারত এই ম্যাচ জিতলে সিরিজ জিতে যাবে, অন্যদিকে নিউজিল্যান্ড যদি এই ম্যাচ জিততে পারে তবে সিরিজে সমতা ফিরবে। অর্থাৎ ভারতের জয়টা আটকে দেবে কিউই ব্রিগেড। নিউজিল্যান্ডের কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এদিন নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার পর স্কাই স্পোর্টের সম্প্রচার ব্যবস্থায় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা দেখা দেয়।
জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল ক্যামেরা ফিড ও ধারাভাষ্য সম্প্রচারে সমস্যা তৈরি হয়। তাতে ম্যাচ চলাকালীন সম্পূর্ণ মাঠের পূর্ণাঙ্গ সম্প্রচার বন্ধ হয়ে একটি ক্যামেরার সীমিত ফিডে সম্প্রচারিত হচ্ছিল খেলা। বেশ কিছুক্ষণ সেটাই দেখতে হয়েছে দর্শকদের। এদিকে এমন ঘটনায় ইতিমধ্যেই সম্প্রচারের মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুন: নবান্নের রঙ বদলের সিদ্ধান্ত! নীল-সাদা মুছলেও গেরুয়া নয়, কোন সাজে সাজবে মুখ্যমন্ত্রীর দফতর?
শেষ ওয়ানডের পূর্ণাঙ্গ সম্প্রচার আচমকা কার্যত বন্ধ হয়ে শুধুমাত্র একটি ক্যামেরার ফিডে ম্যাচ দেখতে হয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই হতাশা প্রকাশ করেছেন দর্শকরা। এমনকি তাঁদের এও দাবি, দীর্ঘ বেশ কিছুক্ষণ পর সম্প্রচার আবার আগের অবস্থায় ফিরলেও সম্প্রচারে অডিও এবং ভিডিওর মান স্বাভাবিক ছিল না। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্ট করে জানিয়েছেন অনেকেই।