মমতার মনোনীত পদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা, জোর সমালোচনা রাজনৈতিক মহলে

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের মাঝেই এবার পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন পুলিশকর্তা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার (Sanchita Kumar Resigns)। গতকাল, মঙ্গলবার রাজ্যপাল আর এন রবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। তৃণমূল (All India Trinamool Congress) ক্ষমতাচ্যুত হওয়ার পরেই ভাঙন ধরেছে। বিধায়ক থেকে শুরু করে সাংসদ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গ ছেড়ে আলাদা গোষ্ঠী তৈরি করেছে। আর এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রাক্তন পুলিশকর্তা তথা বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী।

তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী

প্রাপ্ত রিপোর্ট মোতাবেক, তৃণমূল সরকারের আমলেই রাজ্যের তথ্য কমিশনের সদস্য হিসেবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশকর্তা তথা বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারকে মনোনীত করেছিলেন। এরপর ২০২৫ সালের মার্চ মাসে রাজ্যের তথ্য কমিশনার পদে সরকার মনোনীত দুই নামেই সম্মতি দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময়েই তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নেন সঞ্চিতা। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এবার সেই পদ ছাড়লেন তিনি। গতকাল, মঙ্গলবার রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, পদত্যাগের পরেই তিনি দিল্লি পাড়ি দিয়েছেন।

প্রত্যাশিত ইস্তফা বলছে নবান্নের আধিকারিকরা

গত মে মাসে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বিভিন্ন কমিটি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের পদাধিকারীদের বড় অংশ‌ই ইস্তফা দিয়েছেন। এমনকি দলের বিধায়কেরাও সঙ্গ ত্যাগ করেছেন। তাই স্বাভাবিকভাবেই এই অবস্থায় সঞ্চিতা কুমারের ইস্তফা যে খুব একটা অবাক করা বিষয় নয়, তা সকলেই বুঝতে পারছে। নবান্নের শীর্ষ আধিকারিকদের একাংশের মতে, সঞ্চিতা কুমার পদত্যাগ যে করবেন সেটা সকলেই বুঝতে পেরেছিল, কারণ তাঁর স্বামী রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠবৃত্তের মধ্যেই একজন ছিলেন। তবে নতুন সরকারের আমলে রাজীবের স্ত্রীর এই পদে থেকে কাজ করা সম্ভব ছিল না, তাই সেই কারণে পদত্যাগ করেছেন তিনি।

আরও পড়ুন: কলকাতায় শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু আজ থেকেই, জারি নতুন নির্দেশিকা

বর্তমানে রাজ্যসভার অধিবেশনের জন্য রাজধানী দিল্লিতেই রয়েছেন তাঁর স্বামী রাজীব কুমার। আর সেখানেই যাচ্ছেন তাঁর স্ত্রী সঞ্চিতা, তাই দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই রাজ্যসভার সাংসদদের মধ্যে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করে ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন। এমনকি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কোয়েল মল্লিকও বিজেপি যোগের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এখনও রাজীব কুমার কালীঘাট তৃণমূলের সঙ্গেই আছেন। এমতাবস্থায় তাঁর স্ত্রীর ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হল জোর গুঞ্জন।

Leave a Comment