সহেলি মিত্র, কলকাতাঃ সরকারি বাসগুলিতে মহিলা যাত্রীর সংখ্যা বাড়ছে। আসলে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার বাংলার মহিলাদের সরকারি বাসগুলিতে একদম বিনামূল্যে যাত্রার (Free Bus Service) সুযোগ করে দিয়েছে। এদিকে এই কাজ করতে গিয়ে যাতে সমস্যা না হয় সেজন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ বা NBSTC-কে দুই দফায় ২৩ কোটি ৭২ লক্ষ টাকা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। যাতে NBSTC-র ঘাড়ে অতিরিক্ত চাপ না পড়ে তাই এই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পুজোর মুখে এই বাস সংস্থার নতুন দাবি ঘিরে ফাঁপরে পড়ল খোদ রাজ্য সরকার। কারণ, আরও ২৫ কোটি টাকা চেয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ কর্তৃপক্ষ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন।
রাজ্যের কাছে আরও ২৫ কোটি চাইল NBSTC
মহিলা যাত্রীদের বিনামূল্যে বাস পরিষেবা চালুর পর উত্তরবঙ্গে মহিলা যাত্রীর সংখ্যা বেড়েছে। ফলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) আর্থিক চাপও বাড়ছে। এই পরিষেবা চালু রাখতে এখনও পর্যন্ত দু’দফায় রাজ্য সরকারের কাছ থেকে ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা পেয়েছে নিগম। তবে বরাদ্দ শেষের পথে থাকায় আগামী নভেম্বর পর্যন্ত পরিষেবা চালু রাখতে আরও ২৫ কোটি টাকা চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।
এদিকে, পুজোর আগে উত্তরবঙ্গের একাধিক বন্ধ রুটে ফের বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে NBSTC। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দিনহাটাসহ বেশ কয়েকটি রুটে পরিষেবা ফের চালু করা হবে বলে জানিয়েছেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায়। নিগম সূত্রে জানা গিয়েছে, মহিলা যাত্রীদের মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ব্যবহারের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়েছে।
আরও পড়ুন: মিলবে চিনি, ময়দা! পুজোয় রেশন নিয়ে বড় ঘোষণা, কোন কার্ডে কতটা পাবেন জানুন
পুজোর সময়ে আরও বাস বাড়বে
পুজোর সময় দূরপাল্লার বাসগুলিতে আগাম বুকিংও বেড়েছে, যার অধিকাংশ যাত্রীই মহিলা। পরিষেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অর্থের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে নিগম। দুর্গাপুজো চলাকালীন সরকারের তরফে মোট ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে। NBSTC-র তরফে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদা সহ বিভিন্ন ডিপো থেকে ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের শহরগুলিতেও অতিরিক্ত সার্ভিসের পরিকল্পনা করা হয়েছে।