প্রীতি পোদ্দার, কলকাতা: টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই! ৩৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন ছোটপর্দার পরিচিত মুখ সুস্মিতা রায় (Susmita Roy)। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে সেই কথা শেয়ার করলেন অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার নিজেই। বিচ্ছেদের ৭ মাসের মাথায় সুস্মিতা রায়ের দ্বিতীয় বিয়ের এই সিদ্ধান্তে জোর সমালোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। অন্যদিকে প্রাক্তন বউদিকে নতুন দাম্পত্যের শুভেচ্ছাতেও খোঁচা সায়কের!
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী
২০২৫ সালের জুলাইতে প্রকাশ্যে আসে অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়ের সঙ্গে সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদের খবর। আর সেই নিয়ে কম কটাক্ষের শিকার হননি সুস্মিতা রায়। তবে এখন অবশ্য তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন। নিজের ব্যবসার পাশাপাশি ভ্লগার হিসেবেও বেশ জনপ্রিয় হয়েছেন তিনি। কিন্তু প্রায়শই তাঁকে নিয়ে বিতর্ক থাকতই। কিন্তু তিনি যে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন তা কেউই আশঙ্কা করতে পারেনি। মঙ্গলবার রাতে সুস্মিতা রায় বিয়ের মণ্ডপে হাতে হাত রাখার একটি ছবি পোস্ট করেন৷ এবং লেখেন, “এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা-‘মা’…আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনো ভনিতা করার সময় নেই… ৷ নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম….তোমরা সবাই আশীর্বাদ করো… ৷”
নানারকমের প্রতিক্রিয়া নেটপাড়ায়
সুস্মিতা শেয়ার করেচেন বধূর বেশ বিয়ের ছবিও। টুকটুকে লাল বেনারসী, খোলা চুল, হালকা সোনার গয়না এবং গলায় গোলাপের মালা ৷ পোস্টে লেখেন, “যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম… সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে… তবে এবার আমরা একসাথে।” নেটপাড়ায় নানারকমের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, “এটা সত্যি না প্রোমোশনের জন্য বুঝতে পারছি না, তবে সত্যি হলে অনেক শুভেচ্ছা ৷” আবার কেউ লিখেছেন, “এত বছরের একটা সম্পর্ক থেকে কীভাবে এত তাড়াতাড়ি বেরোনো সম্ভব ভাই? মানুষ দু বছরের প্রেম করে সেখান থেকে বেরিয়ে ভেঙ্গে পরছে,আর এ ছমাসে বিয়ে… ।”
অভিনেত্রী সুস্মিতা রায়ের পোস্ট ভাইরাল হওয়ার পরেই প্রাক্তন দেওর অভিনেতা তথা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী ফেসবুকে তাঁর প্রাক্তন ‘কূটনী বৌদির’ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া । যদিও বর হবে জানতাম না । তবে এবার থামিস প্লিজ । এটাই যেন last বিয়ে হয়। এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য wait করিসনা..Btw Congratulations Mrs Dey..” তবে এখনও সুস্মিতা রায়ের প্রাক্তন স্বামীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।