সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা এমনিতেই তুঙ্গে। তবে এবার সেই পরিষেবা আরও এক ধাপ এগোতে চলেছে আন্তর্জাতিক মঞ্চে। হ্যাঁ, দেশের জনপ্রিয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস খুব শীঘ্রই জাপানে (UPI In Japan) চালু হতে চলেছে। আর এর ফলে বিদেশে ভ্রমণের সময় ভারতীয়রা নিজের ইউপিআই-র মাধ্যমেই পেমেন্ট করতে পারবে।
পরীক্ষামূলকভাবে জাপানে ইউপিআই পরিষেবা
জাপানের তথ্য প্রযুক্তি সংস্থা এনটিটি ডেটা এবং ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে অংশীদারিত্বের মাধ্যমেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। ২০২৫-২৬ অর্থবছরে পরীক্ষামূলকভাবে জাপানি ইউপিআই পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে এই সুবিধা পাবে জাপানে ভ্রমণকারী ভারতীয় পর্যটকরা, এমনটাই খবর।
জানা যাচ্ছে, এই নতুন ব্যবস্থার সবথেকে বড় সুবিধা হল জাপানে ইউপিআই দিয়ে পেমেন্ট করলে টাকা কাটা যাবে সরাসরি ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। আলাদা কোনও রকম ওয়ালেট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না। পাশাপাশি কিউআর কোড স্ক্যান করেই পেমেন্ট করা যাবে, ঠিক যেমনটা ভারতে করতে হয়। এছাড়াও ভবিষ্যতে ভারত এবং জাপানে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ককে একসঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, জাপানে এই ইউপিআই যুক্ত হলে মোট ন’টি দেশে তা ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই ভুটান, সিঙ্গাপুর, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলংকা, কাতার, মরিশাস এবং ফ্রান্সে এই পরিষেবা চালু করা হয়েছে। আর বিদেশে থাকা ভারতীয়দের কথা মাথায় রেখেই মূলত ইউপিআইকে ধীরে ধীরে গ্লোবাল পেমেন্ট সিস্টেম হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: গোটা দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট! কোন কোন পরিষেবা ব্যাহত হবে?
দেশের ভিতর ইউপিআই-র বিরাট সাফল্য
বলাই বাহুল্য, ২০১৬ সালে এই ইউপিআই পরিষেবা চালু হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তা ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের অংশ হয়ে উঠেছে। একাধিক অ্যাপে এখন কিউআর কোড ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করা যায়। সাধারণত কোনও চার্জ ছাড়াই এক্ষেত্রে লেনদেন করা যায়। আর ২০২৪-২৫ আর্থিক বছরে ইউপিআই লেনদেন প্রায় ৪২ শতাংশ বেড়েছে। এক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বের মোট ইনস্ট্যান্ট পেমেন্টের প্রায় অর্ধেক লেনদেন হয়েছে ইউপিআই এর মাধ্যমে। সেই কারণেই এবার গোটা বিশ্বজুড়ে ইউপিআইকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।