সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের আমলে টাকার বিনিময়ে ভুয়ো ডকুমেন্ট তৈরির ঘটনা রাজ্যজুড়ে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিল। তবে সরকার বদল হলেও সেই দৃশ্য এখনও বিরাজমান। মোমোর দোকানের আড়ালে তৈরি হচ্ছে হাজার হাজার টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড। খবর প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয়েছে চাঞ্চল্য। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুর্গাপুর (Durgapur) থানার প্রান্তিকা পাঁচমাথা মোড়ে। স্থানীয় বিজেপির কর্মীরা অভিযোগ পাওয়ার পরপরই শাটার নামিয়ে দেয় ওই দোকানের।
মোমোর দোকানের আড়ালে চলছিল আধার কার্ড তৈরির কারবার
স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম না মেনেই অতিরিক্ত টাকার বিনিময়ে ওই মোমোর দোকানের আড়ালে চলছিল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি তৈরির কারবার। বিজেপির একটি দলীয় কার্যালয়ের পাশেই রয়েছে দোকানটি। সেখানে দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে তৈরি করা হচ্ছিল বিভিন্ন পরিচয়পত্র। অভিযোগ পাওয়া মাত্রই বিজেপির কর্মীরা প্রান্তিকা পাঁচমাথা মোড়ের ওই দোকানের শাটার নামিয়ে দেন এবং ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যদিও বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের নেতাদের মদতেই এই সমস্ত চক্রান্ত চলত। যারা দেশের নাগরিক নন, তাদেরকেও টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড তৈরি করে দেওয়া হতো। আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদিও তৈরি হতো ওই মোমোর দোকানের আড়ালে। এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতির অভিযোগ, “তৃণমূল আমল থেকে এই ধরনের কাজ করছে এরা। টিএমসি নেতাদের মদতে টাকা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়ার কাজ করত এরা। বর্তমানে আর এসব চলবে না। বৈধ নথি থাকতে হবে। আর অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। আমরা পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছি।”
আরও পড়ুন: ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ! পরিকল্পনা সম্পূর্ণা ইমাজিনের পাঁচ মেগা প্রকল্প, কোথায় কোথায়?
এ বিষয়ে এক স্থানীয়ের কথায়, “একটা ভোটার কার্ড করানোর জন্য ১০ হাজার টাকা ফিস চাইছে। একটা নম্বর চেঞ্জ করার জন্য নিচ্ছে আড়াই হাজার টাকা। সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে এরা।” যদিও দোকানের মালিক মুকেশ কুমার শাও জানিয়েছেন, “এক বছর আগে দোকান করেছি। আগে মোমোর দোকান ছিল। বর্তমানে আমি অনলাইনের দোকান করেছি। কিন্তু অনলাইন দোকান করতে কোন অনুমতি লাগে, আমার জানা নেই। আমি অতিরিক্ত টাকা নিই না। আমার নামে সবাই মিথ্যা অভিযোগ করছে।”