বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেশন ব্যবস্থা (Ration Card) এবার বড়সড় বদল আনতে চলেছে সরকার। জানা যাচ্ছে, চাল এবং গমের পাশাপাশি সাধারণ মানুষ যাতে বিভিন্ন রেশন দোকান থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা পণ্য পেতে পারেন সেই মর্মে, রেশন দোকানগুলিকে (Ration Shop) ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। একটি সরকারি সূত্র মারফত খবর, সাধারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়ার লক্ষ্যে কৃষি সমবায় বিপণন সংস্থা ন্যাফেডের মাধ্যমে বিভিন্ন রেশন দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হবে।
চাল এবং গমের সাথেই মিলবে আপনার প্রয়োজনীয় দ্রব্যও
দেশের বিভিন্ন রেশন দোকানে সরকারি উদ্যোগে নামমাত্র মূল্য বিভিন্ন খাদ্যশস্য পেয়ে থাকেন আমজনতা। তবে সরকার চাইছে, ওই এক রেশন দোকান থেকেই ন্যায্য মূল্যে খাদ্যশস্যের পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যও যেন পায় সাধারণ মানুষ, মূলত সেই ভাবনা থেকেই দেশের রেশন দোকানগুলিকে ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। জানা যাচ্ছে এই মর্মে, ন্যাফেড এবং সর্বভারতীয় ন্যায্য মূল্যের রেশন দোকানের মালিক ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিশেষ চুক্তির অধীনে এবার থেকে রেশন দোকানগুলি সাধারণ মানুষের শুধু খাদ্যশস্যের চাহিদা মেটাবেনা বরং নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সামগ্রীয় ন্যায্য মূল্যে সরবরাহ করবে। এ প্রসঙ্গে ওই সংগঠনটির সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, গোটা দেশের 3 লাখ 38 হাজারেরও বেশি দোকানকে এই দায়িত্ব দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই ব্যবস্থায় কৃষি পণ্য বিপণন সংস্থা ন্যাফেডের সাথে সমন্বয় করে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়ার কাজ করবে রেশন দোকানগুলি।
আরও পড়ুন: পাকিস্তান সীমান্তে আকাশ দখল করে বিরাট যুদ্ধ মহড়া চালাবে ভারত, জারি নোটাম
সংগঠনটির সম্পাদকের আরও দাবি, সরকারি উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা চালু হয়ে গেলে গ্রামের প্রান্তিক বা খেটে খাওয়া মানুষ একেবারে নামমাত্র খরচে খাদ্যশস্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীয় পেয়ে যাবেন। তাঁদের আর বেশি টাকা খরচ করে অন্যান্য দোকান বা বাজার থেকে সেগুলি কিনতে হবে না। মনে করা হচ্ছে, এই বিশেষ উদ্যোগে মূলত উপকৃত হবেন দেশের বিভিন্ন প্রান্তিক বা গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষজন। তাঁদের প্রতিদিনের বাজারের চাপ কিছুটা হলেও কমবে।