সহেলি মিত্র, কলকাতা: রেশন কার্ডধারী (Ration Card) গ্রাহকদের জন্য সুখবর। এখন, পরিবার বিচ্ছেদের ক্ষেত্রে বা বিয়ে হয়ে যাওয়ার ক্ষেত্রে রেশন কার্ড থেকে নাম বাদ দেওয়া বা আলাদা করা আরও সহজ করল পশ্চিমবঙ্গ সরকার। এবার আপনি নির্দিষ্ট পোর্টালে গিয়ে সহজেই কারোর নাম বাদ দিতে সক্ষম হবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি।
এবার ঘরে বসেই রেশন কার্ড থেকে নাম আলাদা করুন
যারা পুরনো রেশন কার্ডধারী, রেশন কার্ড আলাদা করেছেন তাঁরা জানবেন আগে এই প্রক্রিয়ার জন্য যথেষ্ট দৌড়ঝাঁপ করতে হত। নাম বাদ দেওয়ার খাদ্য দফতরে বারবার ছুটতে হতত। তবে আর না, কারণ এই কাজ এখন আপনি ঘরে বসেই করে নিতে পারবেন। যদিও এই কাজ করা কিন্তু আবার খুব সহজ নয়। এর জন্য সরকারের বেঁধে দেওয়া কিছু বিধিনিষেধ অবশ্যই জেনে রাখতে হবে আপনাকে।
কারা আবেদন করতে পারবেন?
বর্তমান ডিজিটাল রেশন কার্ডের পরিবারে যদি ৭ জনের কম সদস্য থাকে, তবে আপনি পরিবার আলাদা করার আবেদন করতে পারবেন না। অর্থাৎ, ‘স্প্লিট’ করার জন্য মূল পরিবারে অন্তত ৭ জন বা তার বেশি সক্রিয় সদস্য থাকা বাধ্যতামূলক। খেয়াল রাখতে হবে আপনার কার্ডটি কোন ক্যাটাগরির। সরকারের নিয়ম অনুযায়ী, আপনার কার্ডটি যদি ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’ তালিকাভুক্ত হয়, তবে আপনি এই অনলাইন সুবিধা পাবেন না। শুধুমাত্র PHH, SPHH, RKSY-I এবং RKSY-II ক্যাটাগরির উপভোক্তারা এই সুবিধা লাভ করতে পারবেন।
এরইসঙ্গে যদি আপনার পরিবারে সম্প্রতি ৪ নম্বর ফর্ম (নতুন সদস্য) বা ১৪ নম্বর ফর্মের (ট্রান্সফার) মাধ্যমে কোনো সদস্য যুক্ত হয়ে থাকেন, তবে তার যুক্ত হওয়ার দিন থেকে ২ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পরিবার বিভাজন করা যাবে না।
কীভাবে অনলাইনে ১৩ নম্বর ফর্ম ফিলআপ করবেন?
প্রথমে খাদ্য দফতরের ‘Citizens Home’ অপশনে যান। সেখানে রেশন কার্ড কর্নার থেকে অনলাইন আবেদনে ক্লিক করে, পরিবারের যেকোনো একজন সদস্যের আধার নম্বর ও OTP দিয়ে পোর্টালে এন্ট্রি করুন।
এরপর ড্যাশবোর্ডের বাঁ-দিকে ‘Online Form’ সেকশন থেকে ‘Form 13’ বেছে নিন। এরপর স্ক্রিনে পরিবারের সকল সদস্যের নাম দেখা যাবে। যারা আলাদা হয়ে নতুন পরিবার গড়তে চান, শুধুমাত্র তাঁদের নামের পাশে টিক চিহ্ন দিন।
পুরানো পরিবারের সম্মতি নিতে ভুলবেন না। নতুন পরিবার আলাদা হওয়ার জন্য পুরানো বা মূল পরিবারের সম্মতির প্রয়োজন। যারা পুরানো পরিবারে থেকে যাচ্ছেন, তাঁদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে আধার ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এটি প্রমাণ করে যে, এই বিভাজনে মূল পরিবারের কোনো আপত্তি নেই।
এরপর সব শেষে নথি আপলোড করুন। সবশেষে, নতুন পরিবারের প্রধানের (যিনি লগইন করেছেন) এবং পুরানো পরিবারের যিনি সম্মতি দিলেন—উভয়ের আধার কার্ড এবং রেশন কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। ফাইলের সাইজ যেন ৩৫০ কেবি-র কম এবং ফরম্যাট পিডিএফ বা জেপিজি হয়, সেদিকে খেয়াল রাখবেন জানিয়ে রাখি, আবেদন সফলভাবে সাবমিট করার পর সাধারণত ১ থেকে ৭ দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়।