সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন লোকাল ট্রেনের উপর নির্ভর করে তাঁদের গন্তব্যে পৌঁছয়। সে অফিস অফিস হোক কিংবা ভ্রমণ, লোকাল ট্রেনই ভরসা। তবে এবার আমজনতার যাত্রাকে আরও দ্রুত ও আরামদায়ক করার জন্য বিরাট পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল (Indian Railways), যা লক্ষ লক্ষ নিত্যযাত্রীকে পুরনো লোকাল ট্রেনের ঝামেলা থেকে মুক্তি দেবে। রিপোর্ট অনুযায়ী, রেল কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি সেমি হাই-স্পিড বন্দে মেট্রো (Vande Metro) চালু করার প্রস্তুতি নিচ্ছে, যেগুলি ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণরূপে বদলে দেবে।
লোকাল ট্রেনের জায়গা নেবে বন্দে মেট্রো
রেলওয়ে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বন্দে মেট্রোর প্রোটোটাইপ মডেলের কাজ ইতিমধ্যেই তৈরি হয়েছে, এবং এর বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রথম বন্দে মেট্রোর চাকা গড়াবে বলেই দাবি করছে রিপোর্ট। এমনকি প্রথম পর্যায়ে দিল্লি-মিরাট, লখনৌ-কানপুর এবং মুম্বাই-লোনাভালার মতো রুটে এটি চলাচল করবে। আর খুব শীঘ্রই তা বাংলা সহ গোটা দেশে পরিষেবা শুরু করবে বলেই জানা যাচ্ছে।
সবথেকে বড় ব্যাপার, বন্দে মেট্রোর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার, যেখানে লোকাল ট্রেনের গতি আনুমানিক ৬০ থেকে ৭০ কিলোমিটার। এর ফলে যাত্রীদের আনুমানিক ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সময় সাশ্রয় যাবে এবং দৈনন্দিন যাতায়াত অনেকটাই সহজ হবে। বড় কথা, এই ট্রেনগুলির প্রত্যেকটি কোচ হবে শীততাপ নিয়ন্ত্রিত। এমনকি আরামদায়ক আসন থেকে শুরু করে মোবাইল চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচাগার, স্বয়ংক্রিয় দরজার মতো ফিচার থাকবে। না বললেই নয়, বন্দে মেট্রো চালু হওয়ার আগে প্রত্যেকটির লাইনেই কবচের সুরক্ষা দেওয়া হবে। ফলে দুর্ঘটনার কোনও সম্ভাবনাই থাকবে না।
আরও পড়ুন: মোদীর ঝালমুড়ি খাওয়ার জেরে প্রচার স্থগিত, সূচি বদলে ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক
এদিকে বন্দে মেট্রো অধিক যাত্রী ধারণ করার মতোই ডিজাইন করা হয়েছে। এই ট্রেনটিতে থাকবে ১৬টি বগি আর প্রায় ১৫৬৬টি সিট। পাশাপাশি মোট ধারণক্ষমতা থাকবে আনুমানিক ৪৩৬৪ জনের। দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্যও থাকতে পারে পর্যাপ্ত জায়গা। এবার ভাড়া নিয়ে যদি কথা বলি, তাহলে এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হতে পারে ৩০ টাকা যা লোকাল ট্রেনের থেকে কিছুটা হলেও বেশি। তবে অতিরিক্ত সুবিধা নিতে গেলে ভাড়া একটু বেশি গুনতে হবে এটাই স্বাভাবিক। আর আনুমানিক ৫০টি বন্দে মেট্রো প্রথম পর্যায়ে চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেল। এখন দেখার কবে তা চালু হয়।