আনিষা চৌধুরী, কলকাতা: রানাঘাটের (Ranaghat) বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar) আজ কলকাতার (Kolkata) তাজ বেঙ্গলে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের কমিটির বৈঠকে যোগ দেন। সেখানে রেল পরিষেবা ও যাত্রীদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানান তিনি। শিয়ালদহ থেকে শান্তিপুর পর্যন্ত এসি লোকাল চালু, কল্যাণী পর্যন্ত মেট্রো সম্প্রসারণ এবং কৃষ্ণনগর-আমঘাটা রেলপথে পুরনো স্টেশন পুনরায় চালুর মতো একাধিক প্রস্তাব লিখিতভাবে রেল কর্তৃপক্ষের কাছে পেশ করেন সাংসদ।
কী কী দাবি রাখলেন বিজেপি বিধায়ক?
শিয়ালদহ-শান্তিপুর রুটে এসি লোকাল চালুর দাবি তুলে জগন্নাথ সরকার বলেন, এই রুটে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে রানাঘাট, কল্যাণী ও কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ রুটে এসি লোকাল পরিষেবা চালু রয়েছে। এ প্রসঙ্গে সাংসদ বলেন, “শিয়ালদহ থেকে একটি এসি লোকাল অবশ্যই ভায়া শান্তিপুর করতে হবে। হয়তো কিছুটা সমস্যা আছে। কিন্তু কিছু সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। আমি জেনারেল সাহেবকেও বলেছি। কিন্তু ওই খরচা বা এই ধরনের একটু কথাবার্তা নিয়ে বসতে হবে। আমার মনে হয় এই এক কিলোমিটার বা দু কিলোমিটারের যে প্রবলেম সেটা কিছুই নয়।”
অন্যদিকে, কল্যাণীকে শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে সেখানে মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়ার দাবি জানান তিনি। কল্যাণী বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইআইআইটি এবং এইমসের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বহু ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। পাশাপাশি কল্যাণীর ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে লোকাল ট্রেনে ভিড়ও বাড়ছে বলে দাবি সাংসদের। তিনি বলেন, “কল্যাণী পর্যন্ত মেট্রো হলে সুবিধা হতো। মেট্রো তো এখনও এখানে আসেনি। যদি চালু করা হতো তাহলে খুব ভালো হতো। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত এডুকেশনের সব সেন্টার, বিশ্ববিদ্যালয়গুলো সব এখানে। তাই মেট্রো কল্যাণী পর্যন্ত অবশ্যই পৌঁছানো দরকার।”
একইসঙ্গে উত্তর দিক থেকে রানাঘাটগামী লোকাল ট্রেনের পরিষেবা কল্যাণী পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবও দেন তিনি। তাঁর কথায়, “নর্থ সাইড থেকে রানাঘাটে যে লোকাল ট্রেন চলে সেই লোকাল ট্রেনগুলোকে একটু এগিয়ে কল্যাণী থেকে টানুন। তাহলে এদিককার সমস্যার সমাধানটা হয়ে যাবে। কারণ কল্যাণী এমনিতেই ডেভেলপিং সিটি। প্রচুর জনবসতি বাড়ছে। যার জন্য ১০ থেকে ২০ হাজার লোক বেশি যাতায়াত করছে। অনেকেই ভিড়ের জন্য উঠতে পারে না নামতে পারে না। একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই কলকাতা থেকে একটা লাইন টানলে সবার যাতায়াতে সুবিধা হয়। এটা আমার মনে হয়েছে কারণ যুগ অনেক এগিয়ে যাচ্ছে।”
এছাড়াও কৃষ্ণনগর এলাকার যাত্রীদের সুবিধার্থে পুরনো একটি স্টেশনে ফের প্ল্যাটফর্ম নির্মাণের দাবি জানান জগন্নাথ সরকার। তাঁর মতে, ওই স্টেশনটি চালু হলে কৃষ্ণনগর থেকে যাতায়াতকারী বহু মানুষের সুবিধা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমশাখা স্টেশন দরকার আগে যেটা ছিল, কারণ কৃষ্ণনগরের লোকগুলো সব ওখান থেকে আসে ওদের খুব সুবিধা হয়। যদি প্ল্যাটফর্মটা ওখানে হয়, একটু এগিয়ে আগে যেখানে ছিল। ১০০ মিটার এগিয়ে গিয়ে যদি ওখানে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যায় তাহলে পাবলিকের অনেক সুবিধা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।”
আরও পড়ুন: হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে যানবাহন চলাচলে বিধিনিষেধ, বিজ্ঞপ্তি রেলের
এর আগেও সংসদে দাঁড়িয়ে রেল পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক দাবি তুলেছেন জগন্নাথ সরকার। কল্যাণী পর্যন্ত মেট্রো সম্প্রসারণ, নতুন রেলপথের সংযোগ এবং রানাঘাট-সহ বিভিন্ন এলাকার রেল পরিষেবা উন্নয়নের বিষয়েও তিনি সরব হয়েছেন। এবার তাজ বেঙ্গলের বৈঠকেও সেই দাবিগুলিই আরও একবার তুলে ধরলেন তিনি। সাংসদের প্রস্তাবগুলি রেল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নিলে আগামী দিনে রানাঘাট, শান্তিপুর, কল্যাণী ও কৃষ্ণনগর এলাকার বহু নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।