সহেলি মিত্র, কলকাতাঃ ব্যস্ত শহুরে জীবনে সবাই ক্লান্ত। এমন পরিস্থিতিতে, সবুজ প্রকৃতি আর শীতল বাতাসের মাঝে কিছু দিন কাটানো অপরিহার্য হয়ে পড়ে। তার ওপর সামনে শীতকাল আসছে। এই সময়ে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ফলে আপনিও যদি প্রকৃতির কোলে কিছু সুন্দর সময় কাটাতে চান, তবে হিমাচল প্রদেশ একটি চমৎকার গন্তব্য। হিমালয়ে দেখার মতো অনেক কিছু থাকলেও, এমন অনেক জায়গা আছে যা সম্পর্কে মানুষ জানে না। এখানে ভিড় কম এবং পরিচ্ছন্নতার দিক থেকে এটি প্রথম স্থানে রয়েছে। জিভি (Jibhi) এমনই একটি জায়গা।
ভিড় এড়িয়ে শীতের ছুটি কাটান জিভিতে
জিভি…এখানকার প্রাকৃতিক দৃশ্য শুধু ইতিবাচক অনুভূতিই দেয় না, মানসিক চাপ কমাতেও সাহায্য করে। প্রকৃতির মাঝে ছুটি কাটানো মানসিক চাপ দূর করতে সহায়ক। জিভিতে এলে আপনার শরীর ও মন দুইই চাঙ্গা হয়ে যাবে। জিভি হলো মান্ডি থেকে ৭০ কিলোমিটার দূরে তীর্থান উপত্যকায় ১৬০০ মিটার (৫১,২৫০ ফুট) উচ্চতায় অবস্থিত একটি গ্রাম। জিভি পাইন গাছে ঘেরা। শীতকালে এখানকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায়, যা এই স্থানটিকে একটি স্বর্গে রূপান্তরিত করে। শীতকালে পর্যটকরা এখানে প্রতিদিন তুষারপাত উপভোগ করতে পারেন।
এই জায়গাটির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো, এখানকার বেশিরভাগ বাড়ি ও হোটেল কাঠ দিয়ে তৈরি। আপনি যদি আপেলপ্রেমী হন, তবে আপনার অবশ্যই এই শৈলশহরটি ঘুরে আসা উচিত এবং দেখা উচিত কীভাবে প্রতিটি বাড়ির পেছনের উঠোনে একটি আপেল বাগান রয়েছে।
কী কী দেখবেন?
জিভিতে আপনি জালোরি পাস, চেহনি কোঠি, সেরোলসার লেক, রঘুপুর ফোর্ট এবং জিভি জলপ্রপাত ঘুরে দেখতে পারেন। রোমাঞ্চপ্রেমীরা তীর্থান নদীতে মাছ ধরার আনন্দও উপভোগ করতে পারেন। জিভিতে আপনি ছোট ছোট কাঠের সেতু দেখতে পাবেন। কলকল করে বয়ে চলা জলপ্রপাতের সাথে সেতুগুলোর দৃশ্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে। এখানে থাকাকালীন, আপনি গ্রাম থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত জালোরি পাসও ঘুরে আসতে পারেন।
আরও পড়ুনঃ দার্জিলিংয়ের কোলাহল থেকে দূরে শান্তির খোঁজ, ঘুরে আসুন অফবিট ডেস্টিনেশন সামথার
কীভাবে যাবেন?
জিভিতে যাওয়ার কোনো সরাসরি ট্রেন সংযোগ নেই। আপনি যদি কলকাতা থেকে যেতে ইচ্ছুক হয়ে থাকেন তবে আপনাকে আগে চণ্ডীগড় নামতে হবে। এরপর সেখান থেকে চাইলে শিমলা বা সরাসরি জিভা পৌঁছে যেতে পারেন গাড়ি থেকে। সড়কপথে ভ্রমণের ক্ষেত্রে, জিভি মানালি, শিমলা, কুল্লু, বানজার এবং ভুন্তারের মতো প্রধান শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত।