বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) পুনর্বহাল করতে ভারতকে নানানভাবে ভয় দেখাচ্ছে পাকিস্তান। শুরুর দিকে কাকুতি মিনতি করলেও এবার একেবারে সরাসরি কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পশ্চিমের দেশ (Pakistan)। বিগত দিনগুলিতে বারবার পাকিস্তানের নেতা-মন্ত্রীরা সিন্ধুর জল নিয়ে নয়া দিল্লিকে সরাসরি হুমকি দিয়েছে। এবার হুঁশিয়ারি এল পাক সেনাবাহিনীর তরফে! পাকিস্তানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হুমকি দিয়ে বলেন, পাকিস্তান সেনা এবার নিজেদের ভাগের জল পেতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
ভারতকে হুমকি পাকিস্তান সেনার!
গতবছর অর্থাৎ 2025 সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জোরালো হামলা চালায় পাকিস্তানের জঙ্গিরা! যে ঘটনায় মৃত্যু হয় অন্তত 26 জন নিরীহের। আর তার প্রতিবাদেই পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জল বন্টন চুক্তি পুরোপুরি স্থগিত করে দেয় নয়া দিল্লি। তাতে পাকিস্তানে সেচ এবং পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারত যেভাবে সিন্ধু সহ অন্যান্য নদীগুলির জল নিজ দেশের ব্যবহারের জন্য বাঁধ নির্মাণ সহ একাধিক পরিকল্পনা করছে তাতে পাকিস্তানের দুর্দিন শুধু সময়ের অপেক্ষা।
এদিকে সিন্ধুর জল ফিরে পেতে বারবার ভারতকে নরমে গরমে হুঁশিয়ারি দিয়ে এসেছে পাকিস্তান। এবার আরও একবার নতুন করে হুমকি এল ইসলামাবাদ থেকে। ডনের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল আর্মি কোর কমান্ডের বৈঠক। আর সেই বৈঠক থেকেই জানানো হয়, পাকিস্তান সরকারের নির্দেশে এবং জনগণের অনুপ্রেরণায় এবার সিন্ধুর জল নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।
অবশ্যই পড়ুন: তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে ময়দানে ED, ৫ জায়গায় চলছে তল্লাশি
বলাই বাহুল্য, এদিনের বৈঠকে গতবছরের 24 এপ্রিল, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে গৃহীত সমস্ত সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়। একই সাথে বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এবং প্রস্তাব নিয়েও একটি বিবৃতি জারি করে পাকিস্তান সেনাবাহিনী। তাতে বলা হয়েছে, সিন্ধুর নিজেদের ভাগের জল পেতে পাক সেনা সমস্ত রকমের পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এক কথায়, সিন্ধু জল বন্টন চুক্তির অধীনে জল পেতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান সেনা!