প্রীতি পোদ্দার, কলকাতা: পবিত্র রমজান মাসের শেষে সকলেই অপেক্ষায় থাকেন খুশির ঈদের জন্য। প্রতি বছর ঈদ-উল-ফিতর-ও (Eid Ul Fitr Celebration) চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। তাই বিশ্বের বিভিন্ন স্থানে এই উৎসবটি বিভিন্ন দিনে উদযাপিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবে (Saudi Arab) ঈদ উদযাপিত হয় সবার আগে। এইবছর সৌদি আরবে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে সেখানে ঈদ পালিত হচ্ছে আজ। তাই আগামীকাল কলকাতায় পবিত্র ইদুল ফিতর পালিত হবে। কিন্তু জানেন কি বিহারের (Bihar) এই গ্রামে গোটা দেশে পবিত্র ঈদ পালনের একদিন আগেই উৎসব উদযাপিত হয়।
সৌদি আরবের নিয়ম মেনে চলে এই গ্রাম
সৌদি আরবে সাধারণত ঈদ উদযাপনের একদিন পর ভারতে ঈদ উদযাপিত হয়। কারণ ভৌগোলিক অবস্থানের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে প্রায়শই চাঁদ প্রথমে দেখা যায়। এই নিয়মই চলে আসছে দীর্ঘকাল। তবে এমন একটি গ্রাম আছে যেখানে সৌদি আরবের দিনেই ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়ে থাকে। আর সেই জায়গাটি হল বাদাকার গ্রাম যা বিহারের নালন্দা জেলায় অবস্থিত। সেখানকার মুসলিম সম্প্রদায় দীর্ঘদিনের ঐতিহ্য মেনে চাঁদ দেখার ব্যাপারে আরব দেশগুলোর নিয়মকানুন মেনে চলে। তাঁদের বিশ্বাস, চাঁদ সারা বিশ্বে একই, সেটা যতই ভিন্ন সময় দেখা যাক না কেন। তবে শুধু বিহারের বাদাকার গ্রাম নয়, কেরলেও এই নিয়ম পালন করা হয়।
কেরলেও পালন করা হয় এই নিয়ম
জানা গিয়েছে কেরলে বৃহৎ সংখ্যক মুসলিমদের বসবাস। তাঁরাও দুটি কারণে সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ-উল-ফিতর উদযাপন করে। প্রথমত, সেখানে ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের ২৯তম দিনে চাঁদ দেখা যায়। যা প্রায়শই সৌদি আরবে চাঁদ দেখার সঙ্গে মিলে যায়। অন্যদিকে বেশিরভাগ মুসলিম সৌদি আরবের ইসলাম ধর্ম অনুসরণ করে তাই একই দিনে ঈদ-উল-ফিতর উদযাপন করে। গ্রামবাসীদের মতে এই ঐতিহ্যটি গ্রামে প্রতি বছর উদযাপিত হয় এবং সকল ধর্মের মানুষ এতে নিজ থেকেই অংশগ্রহণ করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে।
আরও পড়ুন: স্বাস্থ্য, মহিলা, কর্মসংস্থান—তৃণমূলের ইস্তেহারে বড় চমক আনতে চলেছেন মমতা
প্রসঙ্গত, আগামীকাল, শনিবার সকাল থেকেই ঈদ-উল-ফিতর উপলক্ষে সম্পূর্ণ বদলে যাবে শহরের চেনা ছবি। নিরাপত্তা সঠিক রাখতে সকাল ৬:৩০ থেকে ৮:৩০-এর মধ্যে নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ এবং রেড রোডে বিশাল জামায়াতের আয়োজন করা হচ্ছে। নামাজের পরে চলবে ঐতিহ্যবাহী কোলাকুলি। এদিকে এখন থেকেই সেজে উঠেছে জাকারিয়া স্ট্রিট এবং পার্ক সার্কাস চত্বর। ফিরনি, হালিম আর বিরিয়ানির গন্ধে ম ম করছে গোটা এলাকা।