বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কে এল রাহুল। টিম ইন্ডিয়ার এই তারকা উইকেট কিপার ব্যাটসম্যান বর্তমানে ওয়ানডে এবং টেস্ট দলে নিয়মিত। তিনি ফর্মে থাকলে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বোলারের ঘাম ছুটে যায়। এবার সেই ভারতীয় তারকাই নিজের অবসর নিয়ে মুখ খুললেন (KL Rahul On Retirement)। রাহুল বললেন, অবসরের কথা ভেবেছেন তিনি। সেটা খুব একটা কঠিন কাজ নয়। ভারতীয় ক্রিকেটারের মুখ থেকে এমন বক্তব্য শোনার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি শীঘ্রই অবসরের সিদ্ধান্ত জানাবেন কে এল?
অবসর নেবেন কে এল রাহুল?
সম্প্রতি, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর নিয়ে একেবারে অকপট হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কে এল রাহুল। ওই সাক্ষাৎকারে ভারতীয় তারকাকে বলতে শোনা যায়, “আমি অবসর নিয়ে ভেবেছি। এটা ততটাও কঠিন কিছু না। ক্রিকেটের বাইরেও একটা জীবন রয়েছে। নিজের প্রতি সৎ থাকলে এবং খেলা ছাড়ার সময় এসেছে এমনটা মনে হলে নিশ্চয়ই আমি দ্বিতীয় চিন্তা করবো না। সেই সময়েই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেব।”
এদিন ভারতীয় ক্রিকেটার আরও বললেন, “শরীর না পারলে.. অহেতুক নিজেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গই ওঠে না।। কিন্তু এটাও ঠিক, ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে। খেলা ছাড়তে এখনও অনেক দেরি।” নিজের বক্তব্যের মধ্যে দিয়ে এদিন রাহুল বুঝিয়ে দিয়েছেন সময় এলে হঠাৎ করেই অবসর নিয়ে নেবেন তিনি। তবে সেই সময় এখনও আসেনি। এদিকে ভারতীয় ক্রিকেটারের এমন বক্তব্য সত্ত্বেও আশঙ্কায় রয়েছেন ভক্তরা। তাঁদের দাবি, 2027 বিশ্বকাপের আগেই হঠাৎ করে অবসর ঘোষণা না করে দেন তিনি।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের T20 সিরিজের সম্প্রচার করবে না অস্ট্রেলিয়ার কোনও TV চ্যানেল
উল্লেখ্য, আজ পর্যন্ত ভারতের জার্সি গায়ে 67 টেস্ট খেলেছেন কে এল। সেই আসরে 4053 রান রয়েছে তাঁর। এছাড়াও 94টি ওয়ানডে খেলে 50.9 গড়ে 3,360 রান করেছেন রাহুল। টি-টোয়েন্টিতে দেশের হয়ে আজ পর্যন্ত 72টি ম্যাচ খেলেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর রান 2,265। রাহুলের বয়স এখন মাত্র 33। ক্রিকেট মহলের অনেকেই মনে করেন, এটা অবসর নেওয়ার বয়স নয়। রাহুলের এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। তাঁকে বহুদূর দৌড়াতে হবে। যদিও খেলোয়াড়ের বক্তব্য, “আমি সুপারস্টার নই, তাই নিরব থেকেই অবসর নেব। ক্রিকেটের বাইরের জীবনটা উপভোগ করতে চাই। পরিবারকে সময় দিতে চাই।” তবে যেটা থেকে এত কিছু সেই ক্রিকেটের প্রতি শ্রদ্ধা রেখেই ভবিষ্যতেও খেলার সাথে যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।