বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাঁটুর চোট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা (India National Cricket Team)। তাতে একপ্রকার বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। রানার বিকল্প কে হবেন তা নিয়ে চিন্তা যখন বেড়েই চলেছে ঠিক সেই পর্বে ভারতীয় শিবিরে এলো স্বস্তির খবর। কিছুদিন আগেই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। এবার লড়াইয়ের ময়দানে ফিরছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। আপাতত যা খবর, খেলোয়াড়ের শারীরিক অবস্থা বুঝেই তাঁকে বিশ্বকাপে নামানো হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছেন ওয়াশিংটন?
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে গিয়ে জোরালো চোট পেয়েছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। যার কারণে কিউইদের বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারেননি তিনি। তবে এখন শোনা যাচ্ছে, ভারতীয় অফ স্পিনার এই মুহূর্তে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন। সেখানেই বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে মাঠে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে খেলোয়াড়ের।
রিপোর্ট যা বলছে তাতে, আর কিছুদিনের মধ্যেই ফিট হয়ে মাঠে ফিরবেন ওয়াশিংটন। তারপরই যোগ দেবেন ভারতীয় দলে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া না গেলেও ভারতীয় দলের দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচ থেকেই তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যেতে পারে বলেই আশা রাখছেন ওয়াকিবহাল মহল। এ নিয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
অবশ্যই পড়ুন: চোট পেয়ে T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, সমস্যায় টিম ইন্ডিয়া
প্রসঙ্গত, গতকাল অধিনায়ক সূর্যকুমার যাদবকে ওয়াশিংটন সুন্দর সম্পর্কে প্রশ্ন করা হলে সূর্য খুব পরিষ্কারভাবে জানান, ওয়াশিংটনকে নিয়ে বিশেষ তাড়াহুড়ো করছে না দল। তাঁরাও ধীরে চলো নীতি অনুসরণ করতে চান। অধিনায়কের কথায়, “আমাদের ধৈর্য ধরতে হবে। সুন্দরকে নিয়ে আমরা তাড়াহুড়ো করছি না। ওর বিকল্প খোঁজার প্রশ্নই ওঠে না।” এদিন স্কাই পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন, অচিরেই বিশ্বকাপের মাঝে ভারতীয় দলে প্রবেশ করবেন ওয়াশিংটন।