আনিষা চৌধুরী, কলকাতা: আইফোনকে (iPhone) ঘিরে অদ্ভুত আবদারের ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে একটি আইফোনের দাবি ঘিরে ব্যাপক চর্চা হয়েছিল। এবার প্রায় একই শব্দবন্ধে ফের সামনে এল ‘আইফোন চাওয়ার ঘটনা, তবে এবার জায়গা অসম (Assam) এবং যাঁর কাছে আবদার, তিনি খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sharma)।
হাবড়ার মতন অসমেও আইফোনের দাবি
হাবড়ার প্রফুল্লনগরের শ্রীকৃষ্ণ সুইটসকে ঘিরে ওই ঘটনায় দোকান মালিক অভিযোগ করেছিলেন, এক ভ্লগার দম্পতি মিষ্টিতে পোকা থাকার দাবি তুলে ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলেন। অভিযোগ ছিল, বিষয়টি মিটিয়ে দেওয়ার বিনিময়ে আইফোন এবং নগদ ১০ হাজার টাকা চাওয়া হয়েছিল। ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। তবে অভিযুক্ত দম্পতি তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজেদের চক্রান্তের শিকার বলে দাবি করেছিলেন।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক যুবকের কথোপকথন নিয়ে তৈরি হয়েছে নতুন চর্চা। জনতার সঙ্গে দেখা করার সময় মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে ওই যুবক সরাসরি বলে বসেন, তাঁর একটি আইফোন চাই। সাধারণত মুখ্যমন্ত্রীর কাছে মানুষ রাস্তা, চাকরি, জল বা অন্য কোনও সমস্যার কথা তুলে ধরেন। সেখানে এমন ব্যক্তিগত আবদার শুনে স্বাভাবিকভাবেই মুহূর্তটি অন্যরকম হয়ে ওঠে।
যুবকের কথা শুনে হিমন্ত প্রথমে মজার ছলে জানতে চান, পুরনো আইফোন নাকি নতুন আইফোন চান তিনি। যুবকের আবদার শুনে মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে একটু শাসনও করেন, যদিও পুরো কথোপকথনটি ছিল হাসি-ঠাট্টার আবহে। এরপরই তিনি জানান, আইফোন দেওয়ার ব্যবস্থা করা হবে।
ঘটনাটির ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তাঁর ক্যাপশন ছিল “Very clear priorities”। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফলে কয়েক সপ্তাহের ব্যবধানে হাবড়া এবং অসমের দুই ঘটনার যোগসূত্র তৈরি করেছে এই আইফোন। এক জায়গায় সেটি ছিল দাবি, আর অন্য জায়গায় নিছক আবদার।
আরও পড়ুন: দীপাবলীর আগেই মিলবে DA-বোনাস, ১৮ লক্ষ কর্মীর জন্য বড় ঘোষণা সরকারের
জনসংযোগের এই মুহূর্তটিই দেখিয়ে দিল, একজন জননেতার সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ঠিক কতখানি কম হওয়া উচিত। কোনও ঔদ্ধত্য বা আনুষ্ঠানিকতার আবরণ নয়, বরং একেবারে সহজ ভঙ্গিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল হিমন্ত বিশ্ব শর্মাকে। যুবকের এমন অপ্রত্যাশিত আবদারও তিনি হাসি মুখে শুনলেন, মজার ছলে জবাব দিলেন। মনে হল নিজের বাড়িরই কারও সঙ্গেই কথা বলছেন তিনি। আর সেই স্বাভাবিক মুহূর্তটাই ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের নজর কাড়ছে।