সহেলি মিত্র, কলকাতা: প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। পিএফের আওতায় আসার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ফলে আরও বহু কর্মী এই সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি, বর্তমান কর্মীদের পিএফ ও পেনশন ফান্ডে বেশি টাকা জমার সম্ভাবনা রয়েছে। তবে বেতনের ঊর্ধ্বসীমা বাড়লেও এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনশিয়োরেন্স (EDLI)-এর বিমার অঙ্ক বাড়ানোর বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
বঞ্চিত হচ্ছে EPFO সদস্যরা?
পিএফের (EPFO) আওতায় থাকা প্রায় ৮ কোটি গ্রাহক অবসরকালীন সঞ্চয় ও পেনশনের পাশাপাশি EDLI প্রকল্পে জীবনবিমার সুবিধা পান। চাকরিতে থাকাকালীন কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার এই প্রকল্পে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা পেতে পারে। এই বিমার অঙ্ক নির্ধারণের ক্ষেত্রে আগে বেতনের সর্বোচ্চ সীমা ১৫ হাজার টাকা ধরে হিসাব করা হত।কর্মজীবনের গড় মেয়াদ ৩৫ বছর ধরে ১৫ হাজারকে ৩৫ দিয়ে গুণ করলে হয় ৫ লক্ষ ২৫ হাজার টাকা। বেতনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হলে বিমার অঙ্কও বাড়ার কথা বলে দাবি উঠছে। কিন্তু সেই সুবিধা কার্যকর না হওয়ায় কর্মীদের পরিবারের বিমার টাকা বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অঙ্কটা বুঝুন
EDLI প্রকল্পে বিমার অঙ্ক নির্ধারণের ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্টে জমা টাকার ৫০ শতাংশও যোগ করা হয়। তবে এই অংশের ঊর্ধ্বসীমা ১ লক্ষ ৭৫ হাজার টাকা। ফলে আগে ৫ লক্ষ ২৫ হাজার টাকার সঙ্গে সর্বোচ্চ ১ লক্ষ ৭৫ হাজার টাকা যোগ করে মোট ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার ক্ষতিপূরণ দেওয়া হত।
বর্তমানে পিএফের আওতায় বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হওয়ায়, একই ফর্মুলা অনুযায়ী বিমার সর্বোচ্চ অঙ্ক ১০ লক্ষ ৫০ হাজার টাকা হওয়ার কথা। হিসাবটি হল, ২৫,০০০ × ৩৫ + ১,৭৫,০০০ = ১০,৫০,০০০ টাকা। কিন্তু বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও বিমার অঙ্ক বাড়ানোর বিষয়ে সরকার এখনও আলাদা ঘোষণা করেনি।
আরও পড়ুন: আজ থেকে আরও মহার্ঘ্য বিমান যাত্রা, বড় সিদ্ধান্ত নিল Air India ও Akasa Air
EDLI বিমার প্রিমিয়াম কর্মীদের দিতে হয় না। কর্মদাতা সংস্থা বেতনের ০.৫ শতাংশ অর্থ জমা দেয়। আগে সর্বোচ্চ ১৫ হাজার টাকা বেতন ধরে মাসে ৭৫ টাকা প্রিমিয়াম জমা হত। এখন ২৫ হাজার টাকা বেতনের ঊর্ধ্বসীমা ধরে মাসিক ১২৫ টাকা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইপিএফওর ২০২৪-২৫ অর্থবর্ষের বার্ষিক রিপোর্টের তথ্য অনুযায়ী, ওই অর্থবর্ষে বিমা তহবিলে প্রায় ৫১,৩০০ কোটি টাকা ছিল। একই বছরে প্রায় ৭,২০০ কোটি টাকা জমা পড়ে এবং বিমার ক্ষতিপূরণ দিতে খরচ হয় প্রায় ২,০৫০ কোটি টাকা। তহবিলে উদ্বৃত্ত অর্থ থাকা সত্ত্বেও বিমার সর্বোচ্চ ক্ষতিপূরণ ১০ লক্ষ ৫০ হাজার টাকা করার ঘোষণা না হওয়ায় প্রশ্ন উঠছে