প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজো নিয়ে দুর্নীতির অভিযোগে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। অভিযোগ দুর্গাপুজোর পাস নিয়ে অন্তত ৫০-৬০ কোটি টাকার আর্থিক প্রতারণা ও দুর্নীতি (Durga Puja Scam Case) করেছেন তিনি। আর তাই সেই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীলকে বারংবার তলব করছে ED। গতকাল, বুধবারও তলব করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পর প্রায় ১১ ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তিনি।
টানা জিজ্ঞাসাবাদ ইন্দ্রনীল সেনকে
জানা গিয়েছে, গতকাল, বুধবার, দুর্গাপুজোর পাসের আর্থিক প্রতারণা ও দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেখানেই গোয়েন্দাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তৃণমূল আমলের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। মূলত পাসের আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর প্রায় ১১ ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে দেখা যায় ইন্দ্রনীল সেনকে। পরনে ছিল তুঁতে রঙের টিশার্ট। যদিও ইডির তলব নিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি।
পুনরায় ইন্দ্রনীলকে তলব ED-র
জানা গিয়েছে, দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় ইন্দ্রনীল সেনের ১০ বছরের ব্যাঙ্ক লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি বইমেলা, ফিল্ম ফেস্টিভ্যাল, রেড রোডের কার্নিভাল বিষয়েও ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা যাচ্ছে এই সংক্রান্ত একাধিক বিষয়ে এখনও অসংগতির তথ্য পাচ্ছে ইডি। অর্থাৎ প্রাক্তন মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় ইডির গোয়েন্দারা। আর সেই কারণেই নাকি পুনরায় বেশ কিছু নথি নিয়ে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু প্রাক্তন মন্ত্রী নাকি জানিয়েছেন সোমবার তাঁর ব্যক্তিগত কিছু কারণ রয়েছে তাই শুক্রবার সকাল ১১ টায় হাজিরা দিতে পারবেন তিনি।
আরও পড়ুন: কালীপুজোর আগেই পুরভোটের বিজ্ঞপ্তি? রাজ্যের কাছে বড় প্রস্তাব কমিশনের
এদিকে ইডি-র এই তদন্তের মামলায় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে ইন্দ্রনীল আগাম জামিনের আবেদন জানিয়েছেন। সেই নিয়েও বড় পর্যবেক্ষণ আদালতের। বুধবার, ইন্দ্রনীলের আগাম জামিনের মামলায় শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ইন্দ্রনীল সেন তৃণমূলের আমলে মন্ত্রী ছিলেন, তাই মন্ত্রী হিসেবে তাঁর প্রভাব খাটানো অস্বাভাবিক কিছু নয়। তাই এই মামলায় ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোর প্রিভিউশোর টিকিট বিক্রি কাণ্ডে রাজ্যকে ফ্লো চার্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামীকাল, শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তখনই বোঝা যাবে ইন্দ্রনীলের জামিনের মামলা কোন দিকে মোড় নেয়।