আনিষা চৌধুরী, কলকাতা: ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হিসেবে দর্শকদের সামনে এসেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ, পার্ট ১’ (Ramayana)। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা গিয়েছে যশকে। এছাড়াও হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। পৌরাণিক কাহিনিকে আধুনিক প্রযুক্তি ও বড় পর্দার উপযোগী করে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। তবে মুক্তির পর ছবির বক্স অফিস (Box Office) পারফরম্যান্স ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
কত আয় করল এই ছবি?
মুক্তির প্রথম দু’দিনে বিশ্বজুড়ে ২০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘রামায়ণ’। রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ভারতে ছবিটির নেট আয় ছিল প্রায় ৬৪.৮৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে সেই অঙ্ক কমে দাঁড়ায় ৪৮.০৫ কোটি টাকায়। অর্থাৎ, দ্বিতীয় দিনে আয়ের ক্ষেত্রে প্রায় ২৫.৯ শতাংশ পতন হয়েছে। প্রথম দু’দিনে ভারতের মোট নেট কালেকশন ১১২.৯০ কোটি টাকা। অন্যদিকে, বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২২১.০৫ কোটি টাকা।
ছবিটিকে কেন হিট বলতে পারছেন না নির্মাতারা?
ছবিটির বিপুল বাজেটের দিকে তাকিয়ে প্রশ্নের মুখে বক্স অফিস। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০০ কোটি টাকার বাজেট নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। ট্রেড অ্যানালিস্ট সুমিত কডেলের মতে, এই মাপের ছবির জন্য বর্তমান কালেকশন যথেষ্ট নয়। তাঁর বক্তব্য, প্রথম দিনেই শুধু হিন্দি সংস্করণ থেকে অন্তত ৮০ কোটি টাকা আয় করা উচিত ছিল। ছবিটি যদি দীপাবলির পর মুক্তি পেত, তাহলে প্রথম দিনের আয় আরও বেশি হতে পারত।
সুমিত কডেলের হিসাব অনুযায়ী, ছবিটিকে হিটের তকমা পেতে হলে হিন্দি সংস্করণ থেকেই প্রায় ৯০০-১০০০ কোটি টাকা আয় করতে হবে। বিশ্বব্যাপী কালেকশন পৌঁছতে হবে প্রায় ২৫০০ কোটি টাকায়। অন্যদিকে, রোহিত জয়সওয়ালের মতে, ছবির বাজেট এবং প্রেক্ষাগৃহ থেকে নির্মাতাদের আয়ের হিসাব ধরলে ভারতে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসার প্রয়োজন। তবে স্যাটেলাইট, ওটিটি, মিউজিক এবং আন্তর্জাতিক স্বত্ব বিক্রি থেকেও প্রযোজকদের আয় হয়।
রোহিত জয়সওয়ালের মতে, ছবির মুক্তির সময়টাই সঠিক নয়। এই বিষয়টিই মূলত ব্যবসায় প্রভাব ফেলেছে। তাঁর হিসাব অনুযায়ী, ছবির কাস্ট, প্রচার এবং বিপুল সংখ্যক শোয়ের নিরিখে প্রথম দিনের হিন্দি কালেকশন আরও প্রায় ২৫ কোটি টাকা বেশি হওয়া উচিত ছিল। দ্বিতীয় দিনেও প্রত্যাশার তুলনায় প্রায় ১০ কোটি টাকা কম আয় হয়েছে বলে তাঁর মত। পাশাপাশি দর্শকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বক্স অফিসের আলোচনায় বারবার উঠে আসছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রসঙ্গ। রোহিত জয়সওয়ালের মতে, দুই ছবির বাজেটের মধ্যে বড় পার্থক্য থাকায় সরাসরি তুলনা করা ঠিক নয়। ‘ধুরন্ধর ২’ প্রায় ২৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, ‘রামায়ণ’-এর বর্তমান কালেকশন সেই লক্ষ্যে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ফলে পরবর্তী কয়েক দিনের আয় ছবিটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: ৬০ সেকেন্ডেই হবে হৃদযন্ত্র-ফুসফুসের পরীক্ষা, AI যন্ত্র বানিয়ে তাক লাগালেন দুর্গাপুরের তুনির
প্রত্যাশার তুলনায় আয় কিছুটা কম হলেও ছবিটির শুরু একেবারে খারাপ নয়। মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি পার করেছে ‘রামায়ণ’। পাশাপাশি হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল এবং মালয়ালম, একাধিক ভাষায় মুক্তি পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে ছবিটিকে পরিবেশন করা গেছে। এখন নজর সপ্তাহান্তের ব্যবসার দিকে। আগামী দিনে ছবির আয় কতটা বাড়ে, তার উপরই নির্ভর করবে ২০০০ কোটির এই মেগা মেগা প্রজেক্টের সাফল্য।