সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক সফরের যাত্রীদের জন্য কাস্টমস প্রক্রিয়া আরও সহজ করার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। সরকার আনুষ্ঠানিকভাবে ব্যাগেজ রুলস ২০২৬ (Baggage Rules 2026) এবং নতুন কাস্টম ব্যাগেজ রেগুলেশনস ২০২৬ জারি করেছে। আর এই নতুন নিয়মে ভারতীয় যাত্রীদের জন্য ডিউটি ফ্রি প্যাকেজ সীমা বাড়িয়ে এবার ৭৫,০০০ টাকা করা হয়েছে। কেন্দ্র সরকারের দাবি, এই পরিবর্তনের মূল লক্ষ্য কাস্টমস প্রক্রিয়াকে আরও আধুনিক এবং ডিজিটাল করা।
কোন যাত্রী কত টাকা ডিউটি ফ্রি সামগ্রী আনতে পারবে?
নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে বিভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য ডিউটি ফ্রি সীমা নির্ধারণ করা হয়েছে। যেমন- ভারতের বাসিন্দাদের জন্য সর্বোচ্চ ৭৫,০০০ টাকা এবং ভারতীয় বংশোদ্ভূত পর্যটকদের জন্য সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বৈধ ভিসা থাকা বিদেশী নাগরিকদের ক্ষেত্রে ৭৫,০০০ টাকা, বিদেশী পর্যটকদের ক্ষেত্রে ২৫,০০০ টাকা এবং ক্রু সদস্যদের ক্ষেত্রে শুধুমাত্র ২৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু স্থলপথে ভারতে প্রবেশকারী যাত্রীদের ক্ষেত্রে কোনও সাধারণ ডিউটি ফ্রি ছাড় প্রযোজ্য হবে না বলেই জানানো হয়েছে।
এদিকে বিদেশে দীর্ঘদিন থাকার পর দেশে ফিরে আসা ভারতীয়দের জন্য ট্রান্সফার অফ রেসিডেন্স সুবিধাও নতুন করে সাজানো হয়েছে। সেক্ষেত্রে বিদেশে থাকলে ১২ মাস পর্যন্ত ১.৫ লক্ষ টাকা, ১ টাকা ২ বছর পর্যন্ত ৩ লক্ষ টাকা এবং ২ বছরের বেশি সময় থাকলে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। সেক্ষেত্রে ডিউটি ফ্রি সামগ্রীর তালিকাও একত্রিত আর সহজ করা হচ্ছে, যাতে মূল্যসীমা অনুযায়ী সেই সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: উধাও ট্রেনের আস্ত একটি কোচ, লাগেজ হাতে স্টেশনেই দাঁড়িয়ে রইলেন যাত্রীরা
গয়না, ল্যাপটপ বা পোষ্য প্রাণী নিয়ে নতুন নিয়ম
এদিকে নতুন প্যাকেজ নিয়মেও আসছে একাধিক গুরুত্বপূর্ণ ছাড়। কারণ, গয়নার ক্ষেত্রে এক বছরের বেশি বিদেশে থাকা ভারতীয়দের জন্য এখন আর দামের ভিত্তিতে নয়, বরং শুধুমাত্র ওজনের ভিত্তিতে ডিউটি ফ্রি গয়না আনা যাবে। সেক্ষেত্রে মহিলাদের সর্বোচ্চ ৪০ গ্রাম এবং অন্যান্য যাত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ গ্রাম ধার্য করা হয়েছে। অন্যদিকে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক যাত্রী একটি করে ল্যাপটপ কোনওরকম চার্জ ছাড়াই আনতে পারবে। আর পোষ্য প্রাণীর ক্ষেত্রে নিয়ম স্পষ্ট করা হয়েছে, যাতে কাস্টমসে অপ্রয়োজনীয় জটিলতা না হয়।