সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ঠাকুরনগর মতুয়া গড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আয়োজিত সভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই মতুয়াদের নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সিএএ প্রসঙ্গ তুলে এদিন শুভেন্দু বলেন, “অনেক সরকার, প্রধানমন্ত্রী এসেছে, গিয়েছে স্বাধীনতার পর থেকে। কিন্তু কেউই কথা রাখেনি।” আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই শুনানি শেষ করে সকলকে সিএএ সার্টিফিকেট দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সিএএ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
ঠাকুরনগর থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যেই শুনানি শেষ করে সকলকে আমরা নাগরিকত্বের সার্টিফিকেট দেব। ২৫ হাজার মানুষ পেয়েছেন সিএএ সার্টিফিকেট। তাঁরা তফসিলি সার্টিফিকেট পাচ্ছিলেন না। কিন্তু আমি বলেছি তাঁরা পাবেন তফসিলি সার্টিফিকেট। এরপর যখন ভোটার তালিকা প্রকাশ হবে, ইলেকশন কমিশনকে বলে আমরা সিএএ নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সকলকেই ভোটার তালিকায় নাম ওঠানোর ব্যবস্থা করে দেব।”
সিএম-র আরও সংযোজন, “একমাস আগে মুখ্য সচিবকে অর্ডার করেছি। তফসিলি জাতিভুক্ত সিএএ সার্টিফিকেট হোল্ডাররা প্রত্যেকে এসসি সার্টিফিকেট পাবেন। জানুয়ারিতে যখন বিশেষ অধিবেশন শুরু হবে, তখন সিএএ সার্টিফিকেট হোল্ডারদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। সেখানে আপনাদের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ কাগজ তৈরি করে দেওয়া হবে, যাতে আপনারা ভোটাধিকার পান। এই সরকার আপনাদের সরকার। ৭০টা এরকম বিধানসভা কেন্দ্র আছে, যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ আমাদের এনেছে। সব জেলার ডিএম-দের নিয়ে আলোচনা করে গাইডলাইন দেওয়া হয়েছে। আড়াই লক্ষ পিটিশন রয়েছে।”
আরও পড়ুন: দীপাবলির প্রাক্কালে রাজ্যকে ৭,৮৬৬ কোটি টাকা উপহার কেন্দ্রের, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
মতুয়াগড় থেকে এদিন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেছেন, “সিএএ নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার পর যাতে মতুয়া মায়েরা অন্নপূর্ণা যোজনা, বয়স্ক ভাতা, আয়ুষ্মান ভারত—সকল প্রকল্পের সুবিধা পান সেদিকে নজর রাখতে হবে আপনাদের সকলকে। তালিকা তৈরি করুন। আমাকে দেবেন। সিএমও অফিসে একজন অফিসার রাখব। সে শুধুমাত্র মতুয়াদের সুবিধা দেখবে। কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএএ আইন এনেছেন। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে অমিত শাহের সঙ্গে এখানে এসেছিলাম। তিনি বলেছিলেন, ২০২৪ এর আগে আপনাদের সিএএ আইনের নিয়ম অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার আইন জারি করে দেব। তিনি মার্চ মাসেই এই সিএএ নিয়ম জারি করে দিয়েছেন।”