বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের সৌদি আরব (Saudi Arabia) সফরে গেলেন ভারতের (India) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। এই নিয়ে টানা ছয় মাসের মধ্যে তৃতীয়বার উপসাগরীয় দেশটিতে পাড়ি দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জানা যাচ্ছে, সৌদি আরবে পৌঁছেই সে দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে দেখা করেছেন অজিত ডোভাল। আর তারপরেই দুপক্ষের মধ্যে জ্বালানি নিরাপত্তা জোরদার করা থেকে শুরু করে সমুদ্রপথে নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বলাই বাহুল্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঠিক এমন সময় সৌদি আরব সফর করলেন যখন উত্তাল পশ্চিম এশিয়া! বিশেষ করে হুথিরা সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপ করেছে।
পাকিস্তানের বন্ধুর সাথে সম্পর্ক আরও জোরদার করছে ভারত!
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রিয়াদে পৌঁছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। এরপরই দুপক্ষের মধ্যে বৈঠকে ভারত এবং সৌদি আরবের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা থেকে শুরু করে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছে দু পক্ষই।
বলাই বাহুল্য, ইরান যুদ্ধের কারণে আবার বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। এদিকে হুথি গোষ্ঠী সৌদি আরবের উপর নৌ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করায় সৌদি আরবকে লোহিত সাগর দিয়ে ভারতমুখী তেলের ট্যাঙ্কার ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে। এমতাবস্থায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সৌদি আরব সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
এ নিয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, “উভয় পক্ষই এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী, জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণ এবং সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা নিয়ে আলোচনা করেছে।” এদিকে ইরান এবং আমেরিকার মধ্যে সমস্যা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালী বন্ধ হতেই ভারতে দেখা দিয়েছে জ্বালানি সংকট! তেল এবং জ্বালানির অন্যতম প্রধান উৎপাদক সৌদি আরব থেকেও দেশে জ্বালানি আসার রাস্তা একপ্রকার বন্ধ হয়ে যাচ্ছে! খুব সম্ভবত এই সমস্যা সমাধানের জন্যই সৌদি আরবে গিয়েছেন অজিত ডোভাল।
অবশ্যই পড়ুন: বকেয়া DA-এর পুরোটা দেবে না সরকার, ১৫% মকুব করার আর্জি সুপ্রিম কোর্টে
এদিকে, গত বছর পাকিস্তানের সাথে একটি বিরাট চুক্তি হয়েছে সৌদি আরবের। ওই প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, পাকিস্তান এবং সৌদি আরব তাদের একে অপরের উপর হওয়া হামলাকে নিজেদের উপর হওয়া হামলা হিসেবেই দেখবে এবং তা প্রতিহত করার চেষ্টা করবে। যেই ঘটনা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, সৌদি আরব যেহেতু ভারতের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক ফলে পাকিস্তানের সাথে তাদের ঘনিষ্ঠতা বাড়লে যথেষ্ট সমস্যায় পড়বে নয়া দিল্লি। নষ্ট হবে বাণিজ্যিক সম্পর্ক! ঠিক সে কারণেই 6 মাসে পরপর তিনবার সৌদি আরব সফর করলেন অজিত ডোভাল।