প্রীতি পোদ্দার, কলকাতা: আজব ঘটনা হুগলির পাণ্ডুয়ায় (Pandua)! মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে ঢুকছে বার্ধক্য ভাতার অনুদান (Old Age Pension)। অভিযোগ, সাত বছর আগে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির কিন্তু এখনও সচল রয়েছে তাঁর ব্যাংকের অ্যাকাউন্ট। শুধু তাই নয়, প্রতিমাসে নিয়ম করেই ওই অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতার টাকাও (Pandua Pension Scam)। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকা জুড়ে।
মৃত ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা
পূর্বতন সরকারের আমল থেকেই সরকারি প্রকল্পগুলো নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কখনও আবাস যোজনা নিয়ে কারচুপি তো কখনও আবার রেশন দুর্নীতি, এমনকি মিড ডে মিল, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কম বিতর্ক হয়নি। আর এসবের মাঝে বার্ধক্য ভাতা নিয়েও উঠল এক বড়সড় দুর্নীতির অভিযোগ। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সাত বছর ১০ মাস আগে মারা গিয়েছিলেন কমল বিশ্বাস নামের ওই বৃদ্ধ। তিনি পেশায় একজন মৎসজীবী ছিলেন। ২০১৯ সালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সচল রয়েছে তাঁর অ্যাকাউন্ট। অভিযোগ, প্রতি মাসে আবার নিয়ম করে বার্ধক্য ভাতার টাকাও ঢুকছে। কিন্তু এই নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি।
সরকারি দপ্তরে জানানো হলেও মেলেনি সুফল
স্ত্রী কণিকা বিশ্বাসের অভিযোগ, অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা প্রতি মাসে ঢোকার বিষয়টি নিয়ে অনেকবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছিল কিন্তু তবুও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এমনকি সরকারি দপ্তরেও এই অভিযোগ জানানো হয়েছিল কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি। এদিকে এই সমস্যার কারণে তিনি স্বামীর অ্যাকাউন্ট থেকে তাঁর নিজস্ব টাকাও তুলতে পারছেন না। জানা গিয়েছে, এইমুহুর্তে মৃত কমল বিশ্বাসের অ্যাকাউন্টে রয়েছে ৮২ হাজার ৭৩০ টাকা। এমতাবস্থায় পাশে এসে দাঁড়িয়েছেন পাণ্ডুয়া ব্লকের বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু ঘোষ। সমস্যা সমাধানের জন্য এদিন তিনিও কণিকা বিশ্বাসের সঙ্গে ব্যাঙ্কে গিয়ে কথা বলেছিলেন। কীভাবে একজন মৃত ব্যক্তির অ্যাকাউন্টে মাসের পর মাস ধরে বার্ধক্য ভাতা ঢুকছে তা শীঘ্রই খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: মায়াপুর ইসকন হবে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, স্মার্ট সিটি নবদ্বীপ! বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার
যদিও এই গোটা ঘটনার পেছনে পূর্বতন সরকার তৃণমূলেরই মদত রয়েছে বলে অভিযোগ করছে বিজেপি গোষ্ঠী। অন্যদিকে পাণ্ডুয়া মণ্ডল ৩-এর সভাপতি খোকন বিশ্বাস বলেন তৃণমূল আমলে এইভাবেই দুর্নীতি হয়ে এসেছে, এখন আমাদের সরকার আসতেই একের পর এক অভিযোগের ভাণ্ডার খুলছে। তাই আর যাতে এই ঘটনা পুনরায় না ঘটে সেই জন্য যথাযথ ব্যবস্থা নিতে চলেছে আমাদের সরকার। এদিকে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে দিনের পর দিন সরকারি টাকা ঢোকার প্রসঙ্গে পাণ্ডুয়ার বিডিও দেবব্রত বিশ্বাস বলেন, “বিষয়টি তাঁর জানা ছিল না। তবে খবর পাওয়া মাত্রই আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। খুব শীঘ্রই এর সমস্যা সমাধান হবে।”