প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকেই বলেন, বেগুনের নাকি কোনো গুণ নেই, কিন্তু সেটি শুধুমাত্র নামেই, রান্নার স্বাদে এই সবজি খাবারের মান আরও বাড়িয়ে দেয় এক ম্যাজিকেই। শীত হোক বা যে কোনও ঋতু, বেগুন রান্নায় থাকা চাই ই চাই। বেগুন ভাজা, মাঝের ঝোলে বেগুনের তরকারি, নিম-বেগুন ভাজা— নানা রকমারি পদ থাকে। কিন্তু কখনও কি বেগুন ভর্তা খেয়ে দেখেছেন? চলুন আজকের প্রতিবেদনে সেই বেগুন ভর্তা (Begun Bhorta Recipe) রেসিপি শেয়ার করা যাক, যা স্বাদে হবে একদিকে যেমন লোভনীয় ঠিক তেমনই হবে আকর্ষণীয়।
বেগুন ভর্তার উপকরণ
বেগুন ভর্তা বানানোর জন্য বেশ কিছু ঘরোয়া উপকরণের দরকার হয়। চলুন একে এক সেই উপকরণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বেগুন ভর্তা রান্না করতে লাগছে ১টি বড় বেগুন, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ৫-৬ কোয়া রসুন, ১টি টমেটো, ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচালঙ্কা, ১ চা চামচ আদাকুচি, ২-৩ টেবিল চামচ সর্ষের তেল এবং স্বাদমতো নুন। এই উপকরণগুলো সবারই রান্নাঘরে মোটামুটি থাকে, এবার জেনে নেওয়া যাক রান্না করার পদ্ধতি।
বেগুন ভর্তা রান্নার পদ্ধতি
- প্রথমে একটি কাটিং বোর্ডে সাবধানে ১টি বড় বেগুন নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে চার ফালি করে কেটে নিতে হবে। তারপর একটি টমেটো ভালো করে ধুয়ে দু’টুকরো করে কেটে নিতে হবে। রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে সেটাকে দুটুকরো করে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলিও কেটে নিতে হবে।
- এরপর একটি ননস্টিক পাত্রে সর্ষের তেল ঢেলে তা গরম করে নিতে হবে এবং তেলে গরম হয়ে গেলেই তাতেই বেগুনের টুকরো, টমেটোর টুকরো, রসুন আর কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ একে বারে কমিয়ে রাখতে হবে।
আরও পড়ুন: একদা TRP টপার ‘পরিণীতা’য় ভাঙন, সিরিয়াল ছাড়ছেন অভিনেতা! বদলে যাবে গল্প?
- মিনিট পাঁচেক পর ননস্টিক পাত্রে সবজিগুলো এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে এবং ঠান্ডা হলে টমেটো এবং বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ভাল করে মেখে নিতে হবে। ওর সঙ্গে আদাকুচি এবং স্বাদ অনুযায়ী নুন ছড়িয়ে দিতে হবে। সবশেষে খানিকটা ধনেপাতাকুচি আর সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।
- মিনিট চারেক পর ননস্টিক পাত্রের ঢাকনা খুলে ভালো করে আবার পুরো মিশ্রণটি মাখিয়ে নিতে হবে। এবার সব শেষে একটি থালায় গরম ভাতের সঙ্গে বা গরম রুটি দিয়ে এই লোভনীয় বেগুন ভর্তা পরিবেশন করুন। ব্যাস, তাহলেই জমে যাবে বেগুনের ভর্তার সঙ্গে শীতের রাত।