দক্ষিণবঙ্গে ফের কমবে সর্বনিম্ন তাপমাত্রা, সতর্কতা ২ জেলায়, আজকের আবহাওয়া

Weather Today

প্রীতি পোদ্দার, কলকাতা: টানা কয়েক দিনের শীতের দাপটের পর শনিবার থেকে কলকাতায় শীত কিছুটা হলেও কমেছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে। এমতাবস্থায় আরও একটি জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তবে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হলেও রাজ্যে তার কোনও প্রভাব পড়বে না। ফলে, আগামী কয়েকদিনে আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের গোটা দিন জুড়ে শীতল এবং শুষ্ক আবহাওয়া (Weather Today) বিরাজ করবে। পাশপাশি আজ থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা কমতে চলেছে। অর্থাৎ আজই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং উত্তরের হাওয়া সক্রিয় হবে। ধীরে ধীরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে পারদ। যদিও এখনও প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে শীতের কামড় যথেষ্টই অনুভূত হবে। পশ্চিমী জেলাগুলিতেও তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী অন্তত তিন দিন দক্ষিণের সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।

আরও পড়ুন: একদা TRP টপার ‘পরিণীতা’য় ভাঙন, সিরিয়াল ছাড়ছেন অভিনেতা! বদলে যাবে গল্প?

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আজও। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। সেই সঙ্গে কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। পাশাপাশি সান্দাকফু-সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। আজও পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, এবং সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment