সৌভিক মুখার্জী, কলকাতা: রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ করতে এবার অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির পথে হাঁটল বিহার সরকার (AI In Ration Shop)। রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের খাদ্যশস্য বন্টনের উপর কড়া নজরদারি চালাতে AI প্রযুক্তি নির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে। কিন্তু কী কাজ করবে এই AI নির্ভর সিস্টেম?
রাজ্যের সমস্ত রেশন দোকানে যুক্ত হবে AI ব্যবস্থা
বিহার সরকারের পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে রাজ্যে থাকা মোট ৫৫,১১১টি রেশন দোকান এবং খুব শীঘ্রই খোলা হতে চলা আরও ৫০০০টি নতুন দোকানে ইলেকট্রিক পয়েন্ট অফ সেল মেশিন অর্থাৎ ই-পস মেশিন ও ডিজিটাল ওজন মাপার যন্ত্রকে একসঙ্গে যুক্ত করে দেওয়া হবে। পাশাপাশি খাদ্য এবং ভোক্তা সুরক্ষার দফতরে ইতিমধ্যে জেলা শাসক ও মহাকুমা আধিকারিকদের নতুন দোকান দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে।
আসলে এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরকার রিয়েল টাইমে জানতে পারবে যে, কোন উপভোক্তাকে কত পরিমাণ খাদ্যশস্য রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে। এমনকি কোন রেশন দোকান থেকে তা দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও সামনে আসবে। এর ফলে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা উপভোক্তারা তাদের প্রাপ্য সম্পূর্ণ খাদ্যশস্য পাচ্ছে কিনা তাও যাচাই করা যাবে সরকারের তরফ থেকে। এ বিষয়ে এক আধিকারিক বলেছেন, এটা দীর্ঘদিনের একটি সংস্কার। ডিজিটাল ওজন এবং স্বয়ংক্রিয় ডেটা রেকর্ডিং এর ফলে ভুল কমবে এবং স্বচ্ছতা বাড়বে।
আরও পড়ুন: ‘মোদী খুব ভালো মানুষ’ বলেও ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের
অনিয়ম ধরা পড়লে বাজবে অ্যালার্ট
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, এই AI নির্ভর ব্যবস্থায় রাজ্য জুড়ে হওয়া সমস্ত লেনদেনের তথ্য কেন্দ্রীয় সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। আর যদি কোথাও নির্ধারিত পরিমাপের তুলনায় ভুল খাদ্যশস্য দেওয়া হয়, তাহলে কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারে সঙ্গে সঙ্গে অ্যালার্ট বেজে উঠবে। এর ফলে দ্রুত তদন্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে সরকারি আধিকারিকরা। আসলে এই উদ্যোগের মাধ্যমে ‘ওয়ান রেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্প আরও শক্তিশালী হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষ করে ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকরা যেন সমস্যায় না পড়ে, তার জন্যই এই উদ্যোগ।
আরও পড়ুন: ১৬৭০ কোটি খরচ, আজই মুড়ি গঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে নির্মাণ শেষ?
উল্লেখ্য, আঙুলের ছাপ না মেলার অভিযোগ ছিল এতদিন বহু গ্রাহকের। আর সেই সমস্যা সমাধানে সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে, আইরিশ স্ক্যান এবং ফেস রিকগনিশন প্রযুক্তি চালু করা হবে সেই সমস্ত রেশন দোকানে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করতে সমস্যা হয়। এর ফলে যোগ্য উপভোক্তাদের রেশন বাদ যাবে না এবং কেউ বঞ্চিত হবে না।