সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের কনভয়ের একটি গাড়ি (Akshay Kumar Car Accident)। সোমবার রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। তবে স্বস্তির খবর এই যে, অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না সম্পূর্ণ সুস্থ রয়েছেন। হ্যাঁ, বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
রিপোর্ট অনুযায়ী খবর, সোমবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা নাগাদ অক্ষয় কুমার তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে বিমানবন্দর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় জুহুর গান্ধীগ্রাম রোডের ইসকন মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি দ্রুতগতির মার্সিডিজ গাড়ি একটি অটো রিক্সাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে অটো রিক্সাটি ছিটকে গিয়ে অক্ষয় কুমারের কনভয়ে থাকা একটি ইনোভা গাড়ির সঙ্গে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে ওই এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
কেমন আছেন অক্ষয় কুমার?
সূত্রের খবর, দুর্ঘটনায় অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না একটি অন্য গাড়িতে ছিলেন এবং তাঁদের গাড়িতেও হালকা ধাক্কা লাগে। কিন্তু বড়সড় কোনও ক্ষতি হয়নি। দু’জনেই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। তবে হ্যাঁ, কনভয়ের নিরাপত্তার গাড়ি এবং অটোরিকশাটি ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এই দুর্ঘটনায় অটোটি সম্পূর্ণ ভেঙে যায় এবং রিক্সা চালক ও এক যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ফের ইউটার্ন মারবে শীত! ২৪ ঘণ্টায় বদলে যাবে দক্ষিণবঙ্গের আকাশ, আজকের আবহাওয়া
ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। আর মার্সিডিজ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যদিও অক্ষয় কুমার এবং তাঁর টিমের তরফ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।