সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো মিটতেই নতুন করে আন্দোলনের প্রস্তুতি শুরু করলেন বাংলার সরকারি কর্মীরা। এমনিতেই বকেয়া ডিএ মামলা নিয়ে তারিখ পে তারিখ প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে। কবে এই মামলার নিষ্পত্তি হবে? কবে সকলে নিজেদের হকের টাকা পাবেন? তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আদৌ আর টাকা মিলবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যাইহোক, এখন গ্ৰান্ট-ইন-এইড (Grant in Aid)-দের বকেয়া টাকা নিয়ে রাজ্য সরকারের চাপ বাড়াতে তৈরি হচ্ছেন কর্মীরা। আন্দোলনের ইঙ্গিত দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
এবার গ্রান্ট-ইন-এইডদের বকেয়া নিয়ে আন্দোলনের পথে ভাস্কর ঘোষ
ফেসবুকে ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) লিখেছেন, গ্ৰান্ট-ইন-এইডদের বকেয়া নিয়ে পথে নামার মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। আদালত ও পথ দুই জায়গায় লড়াই চলবে। যদিও সকলে কবে এবং কখন পথে নামবেন, সেই নিয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। তবে কর্মীরা যদি আবারও আন্দোলনের পথে নামে তাহলে সরকারের জন্য যথেষ্ট মাথাব্যাথার কারণ হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এদিকে ভাস্কর ঘোষের পোস্ট নিয়ে অনেকে অনেক কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘এই সরকার গ্রান্ট ইন এইড দের সাথে প্রতারণা করেছে তাই আইনি ও রাস্তার লড়াইয়ের মাধ্যমে তা আদায় করে নিতেই হবে।’ অন্য একজন লিখেছেন, ‘অবশ্যই দাদা, আন্দোলনের ডেট ঘোষণা হলে নিজে যাব সাথে অনেক সংগ্রামী সাথীদের নিয়ে যাবো। লড়াই করে দাবী আদায় করব।’ আরেকজন লিখেছেন, ‘কেনো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে উনি গ্রান্ট- ইন- এড দের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে বলেছেন। এখন তাহলে পথে নামার কথা কেনো। যদি পথে নামতেই তাহলে তারপূর্বে যদি, পরন্তু শব্দের প্রয়োগ করে রাখা কেনো।’
আরও পড়ুনঃ ফের ধাক্কা! নেহা বোরার পর আরও এক জনপ্রিয় নেতার সমর্থন হারাল সিজেপি
২৭ অক্টোবর ডিএ মামলার শুনানি
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলায় আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য রয়েছে। সুপ্রিম কোর্টের মামলার তালিকা অনুযায়ী, The State of West Bengal vs. Confederation of State Government Employees, West Bengal মামলাটি ২৭ অক্টোবর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে।