বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বুকে ফের সন্ধান মিলল বিপুল প্রাকৃতিক গ্যাসের (Natural Gas)। এবার ভারতের পূর্ব উপকূলে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় প্রাকৃতিক গ্যাসের নতুন আবিষ্কার জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আশার আলো দেখিয়েছে। শুক্রবার, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited) জানিয়েছে, তারা কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় অগভীর সমুদ্র ব্লকে বিপুল প্রাকৃতিক গ্যাস পেয়েছে।
ফের প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলল ভারতে
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতের পূর্ব উপকূলে গোদাবরী-1 নামের অ্যাপ্রাইজাল কূপে পরীক্ষার সময় প্রতিদিনের হারে 200,000 স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের প্রবাহ রেকর্ড করা গিয়েছে। আশা করা যাচ্ছে, এখান থেকে প্রতিদিন 2 লক্ষ ঘন মিটার প্রাকৃতিক গ্যাস পাওয়া যেতে পারে! যা খবর, কেজি-ডিএসএফ/জিএসকেডব্লিউ/2018 নামক অফশোর ব্লকে হয়েছে এই আবিষ্কার। অয়েল ইন্ডিয়ার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, কূপের 2,024 থেকে 2,027 মিটার গভীরে হাইড্রোকার্বন সমৃদ্ধ স্তরের সন্ধান মিলেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত 16 অক্টোবর কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় সংশ্লিষ্ট কূপে শুরু হয়েছিল উৎপাদন। পরীক্ষা চলাকালীন ওই সময় মাটির নিচে গ্যাসের প্রবাহ 100,000 এসসিএমডি পর্যন্ত রেকর্ড করা গিয়েছিল। যা বর্তমানে সর্বোচ্চ 200,000 এসসিএমডিতে পৌঁছে গিয়েছে। প্রতিদিনের হিসেব করলে এখান থেকে প্রায় 170 ব্যারেল কনডেনসেটও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তান সেনার ক্যাম্প, পুলিশ স্টেশন দখল করল BLF, কনভয়ে হামলায় নিহত একাধিক জওয়ান
বলাই বাহুল্য, কৃষ্ণা-গোদাবরী অববাহিকা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন উৎপাদনক্ষেত্র, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এই নতুন আবিষ্কার অগভীর সমুদ্রে হওয়ায় যাবতীয় খরচ তুলনামূলক কম হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংস্থাটির তরফে এখনও পর্যন্ত অগভীর সমুদ্রের নিচে থাকা গ্যাসের পরিমাণ জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে যা জানা গিয়েছে তাতে অয়েল ইন্ডিয়ার এই আবিষ্কার আগামী দিনে দেশের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর যাই হোক ভারত আজও প্রাকৃতিক গ্যাসের একটা বড় অংশ আমদানি করে থাকে। তবে সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে দেশের জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ 15 শতাংশে নিয়ে যাওয়া।