বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ধুলো চাটিয়েছে ভারত। ব্যাটে-বলে দুই ক্ষেত্রেই ভারতীয় দলের অনবদ্য পারফরমেন্সের সামনে একেবারে মাথা নুইয়েছে কিউই ব্রিগেড। যে ড্যারিল মিচেল গত ওয়ানডে সিরিজে একেবারে তান্ডব চালিয়েছিলেন তাঁকে একপ্রকার চুপ করিয়ে দিয়েছেন অক্ষর প্যাটেলরা। এদিন ব্যাট হাতে রান পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। বলা যায়, সকলের সঙ্ঘবদ্ধ লড়াইয়েই নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচ থেকে বিদায় দিয়েছে ভারত। বিশেষত 5 প্লেয়ারের দাপটেই সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। মনে করা হচ্ছে এই প্লেয়াররাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) রুদ্রমূর্তি ধারণ করতে পারেন।
T20 বিশ্বকাপে ভয়ানক হয়ে উঠতে পারেন এই 5 খেলোয়াড়
প্রথম প্লেয়ার
গতকাল নিউজিল্যান্ডের সামনে ভারতের হয়ে শুরুটা করতে নেমেছিলেন ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তবে দুর্ভাগ্য, এদিন সুযোগ পেয়েও ব্যাট হাতে কিছুই করতে পারেননি সঞ্জু। তবে কামাল দেখিয়েছিলেন অভিষেক শর্মা। অন্যান্যরা যখন অল্প স্বল্প রান করে মাঠ ছাড়ছেন সেই পর্বে ব্যাট হাতে নিউজিল্যান্ডের বোলারদের ছাতু করেছিলেন তিনি। এদিন বাউন্ডারি ওভার বাউন্ডারিতে অভিষেকের ব্যাট থেকে 35 বলে 84 রানের বিরাট ইনিংস উপহার পায় ভারত। ক্রীড়া মহলের অনেকেরই বক্তব্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়ানক হয়ে উঠতে পারেন অভিষেক।
দ্বিতীয় প্লেয়ার
বুধবার, নিউজিল্যান্ডকে হারাতে অভিষেকের পর যদি আর কারও নাম ওঠে তিনি হলেন রিঙ্কু সিং। গতকাল একেবারে শেষ পর্বে পৌঁছে প্রতিপক্ষের বোলারদের ধবল ধোলাই করেছেন তিনি। এদিন নাইট তারকার ব্যাট থেকে 4টি চার এবং 3টি ছয় সহযোগে 44 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছিল দল। শেষে দেখা গেল, সেই ইনিংসই ভারতের জয়ের কারণ হয়ে দাঁড়াল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিপদজনক ভূমিকায় দেখা যেতে পারে রিঙ্কুকে।
তৃতীয় প্লেয়ার
অভিষেক শর্মা এবং রিঙ্কু সিংয়ের পাশাপাশি গতকাল ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অধিনায়ক সূর্যকুমার। গতবছর টি-টোয়েন্টি ক্রিকেটে শুধুই ব্যর্থতা পেয়েছিলেন তিনি। নতুন বছরের শুরুটা ব্যাট হাতে একটু অন্যরকম ভাবে হল সূর্যর। এদিন চাপের মুখেও 22 বলে 32 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন স্কাই। অনেকেই মনে করছেন, এবার থেকে প্রায় প্রতি ম্যাচেই ছন্দে থাকবেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই পুরনো সূর্যকুমারকে দেখার সৌভাগ্য হতে পারে ভক্তদের।
চতুর্থ প্লেয়ার
যখনই ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন ব্যাট বা বল হাতে কিছু না কিছু অবদান রেখেছেন হার্দিক পান্ডিয়া। বুধবারও সেই নিয়মের অন্যথা হয়নি। গতকাল ব্যাট হাতে 25 রানের গুরুত্বপূর্ণ যোগদান রাখার পাশাপাশি পান্ডিয়ার হাত থেকে একটি উইকেট উপহার পেয়েছিল ভারত। এদিন নিউজিল্যান্ড তারকা রাচিন রবীন্দ্রর প্রয়োজনীয় উইকেট তুলেছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে তাঁর উপর নজর থাকবে সকলের।
অবশ্যই পড়ুন: মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন রিঙ্কু সিং
পঞ্চম প্লেয়ার
ভারতীয় দলের রহস্যময় স্পিনার তিনি। ঠিক কোন পদ্ধতিতে বল ঘোরান তা আজ পর্যন্ত বুঝতে পারেনি কেউ। হ্যাঁ, টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই বিশ্বের এক নম্বর বোলার। ভারতীয় দলের মিষ্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী গতকাল নিউজিল্যান্ডের দুটি উইকেট ভেঙেছেন। কঠিন সময়ে উইকেট তুলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই ভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে চলেছেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।