বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারের যন্ত্রণা ধীরে ধীরে কাটিয়ে উঠছে ভারত। চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ধাক্কা দেওয়ার পর গতকাল নেতাজি জয়ন্তীর দিনও কিউই বাহিনীকে দ্বিতীয় ম্যাচে পরাস্ত করে ভারত। আর এই জয়ের নেপথ্যে অন্যতম কান্ডারী টিম ইন্ডিয়ার তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষাণ। এই তারকা ক্রিকেটার গতকাল একার হাতে ভারতের জন্য 76 রানের বড় ইনিংস খেলেন। কিন্তু তা সত্ত্বেও, ঈশানের উপর রেগে গিয়েছিলেন অধিনায়ক সূর্য (Suryakumar Yadav On Ishan Kishan)। কিন্তু কেন? ম্যাচ শেষে সূর্য নিজেই ব্যাখ্যা করলেন সে কারণ।
কেন ইশানের উপর রেগে গিয়েছিলেন অধিনায়ক সূর্য?
শুক্রবার, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। সেই সূত্রেই ব্যাট করতে নেমে ভারতকে 209 রানের বড় লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। শুরুর দিকে টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই লক্ষ্য তাড়া করা সম্ভব হবে না স্কাইদের পক্ষে। কেননা, শুরুতেই ব্যাট করতে নেমে আউট হয়ে মাঠ ছাড়েন টিম ইন্ডিয়ার দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তাতে ভারতের আত্মবিশ্বাসের জোর ধাক্কা লাগে। তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠেন সূর্যরা।
যদিও এদিন ভারতের জয়ের পথে প্রথম ধাপটা তৈরি করেছিলেন তরুণ ব্যাটসম্যান ইশান। ব্যাট হাতে নিউজিল্যান্ডের বোলারদের একেবারে কাঁদিয়ে ছেড়েছিলেন তিনি। এদিন, 32 বলে খেলে 76 রান তোলেন ইশান। 11টি চার এবং 4টি ছয় মেরে নিজের ইনিংস একেবারে গুছিয়ে নিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। কিন্তু তাও কেন তাঁর উপর রেগে গিয়েছিলেন সূর্য? এ নিয়ে ম্যাচ শেষে মুখ খোলেন অধিনায়ক নিজেই। আসলে, গতকাল পাওয়ার প্লে তে নিজের কাছে স্ট্রাইক রেখেছিলেন ইশান। যার কারণে ঠিকমতো ব্যাট করার সুযোগ পাচ্ছিলেন না সূর্য।
অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ বয়কট করায় কতটা আর্থিক ক্ষতি বাংলাদেশের? অঙ্ক ঘুম ওড়াবে BCB-র
বলাই বাহুল্য, শুক্রবার, 9 ওভারে 43 বলে 100 রানের জুটি গড়েন ইশান এবং সূর্য। পরবর্তীতে ইশানের রান যখন 31 বলে 76 সেই পর্বে দাঁড়িয়ে সূর্য করেছেন 13 বলে 19 রান। মূলত সে কারণেই ইনিংস চলাকালীন ইশানের উপর রেগে গিয়েছিলেন সূর্যকুমার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্য বলেন, “পাওয়ার প্লেতে ও আমাকে স্ট্রাইক দিচ্ছিল না বলে আমি খুব রেগে গিয়েছিলাম। যদিও পরে বিষয়টা বুঝতে পারি।” এদিন নিজের পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে সূর্য বলেছিলেন, “আমি নেটে ভাল অনুশীলন করেছি। নিজেকে পুরোপুরি তৈরি করার জন্য সময় পেয়েছিলাম।”