মাত্র ১ বছরে দ্বিগুণ! চলতি বছরেই ২ লক্ষের রেকর্ড ছোঁবে সোনার দাম?

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দাম (Gold Price) যেন দিনের পর দিন লাগামছাড়া বাড়ছে। গত এক বছরে যা ঘটেছে তা অনেক বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতা কার্যত হিমশিম খাচ্ছে। হ্যাঁ, মাত্র বারো মাসের ব্যবধানে কলকাতার বাজারে সোনার দাম দ্বিগুণ হয়েছে। ফলে স্বাভাবিক প্রশ্ন উঠছে, চলতি বছরে কি তাহলে ১০ গ্রাম সোনার দাম ২ লক্ষ টাকা ছোঁবে?

এক বছরে কতটা বাড়ল সোনার দাম?

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ২৫ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারেট সোনার গয়না প্রতি ১০ গ্রাম ছিল ৭৫,৫৫০ টাকা আর ২৪ ক্যারেট সোনা ছিল প্রতি ১০ গ্রাম ৮২,৪২০ টাকা। তবে ঠিক এক বছর পর, অর্থাৎ ২০২৬ সালের ২৫ জানুয়ারিতে সেই ছবি গোটাটাই বদলে গিয়েছে। কারণ, ২২ ক্যারেট সোনার গয়নার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪৬,৯০০ টাকা এবং ২৪ ক্যারেট পাকা সোনার দাম দাঁড়িয়েছে ১,৬০,২৬০ টাকা প্রতি ১০ গ্রাম। অর্থাৎ, এক বছরের মধ্যেই সোনার দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।

তাহলে কি ২ লক্ষ টাকা ছোঁবে সোনার দাম?

এবার বাজারের গতি দেখে অনেকেই বলছে, যদি একই হারে দাম বাড়তে থাকে, তাহলে আগামী বছর সোনার দাম ৩ লক্ষ টাকা ছুঁয়ে ফেলতে পারে। যদিও এই অনুমান নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ রয়েছে। তবে এটুকু পরিষ্কার বলা যায় যে, চলতি বছরের মধ্যেই সোনার দাম ২ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।

আরও পড়ুন: মুহুর্মুহু লোডশেডিং! হঠাৎ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিল আদানি

অন্যদিকে বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের মতো ২০২৬ সালেও আন্তর্জাতিক বাজারে সোনা এবং রুপোর দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখবে। আর এর পেছনে মূলত বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, একের পর এক ভূ-রাজনৈতিক সংঘাত, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি বাড়তি আগ্রহ কাজ করছে। এই কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজার ছেড়ে সোনার দিকে ঝুঁকছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামের উপর। বাজার বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ২০২৬ সালের শেষে সোনা প্রতি ১০ গ্রাম ১.৫ লক্ষ টাকা থেকে ১.৯৫ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। এমনকি রুপো প্রতি কেজিতে ৩.৮ লক্ষ টাকা ছুঁতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Comment