বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ বিশ্বকাপ (Pakistan T20 World Cup) থেকে বাদ পড়ার পর বয়কট বয়কট খেলছে পাকিস্তান! প্রথমদিকে, বিশ্বকাপের অনুশীলন বন্ধ রাখার জন্য পাক দলকে নির্দেশ দিয়েও গতকাল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে একেবারে সর্বসমক্ষে চলে এসেছে PCB র নতুন নাটক! অনেকে ধরেই নিয়েছিলেন, ICC র কঠোর শাস্তির কথা ভেবে চাপের মুখে নরম হয়েছিল পাকিস্তান। তবে এখন শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পুরনো অবস্থানে অনড়। সে কথা নিজেই জানালেন PCB প্রধান মহসিন নকভি।
এখনও বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান!
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা হয়ে যাওয়ার পর সাধারণত পাকিস্তান বিশ্বকাপ থেকে আর সরে দাঁড়াবে না এমনটাই ভেবেছিলেন সকলে। তবে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসেন লাহোরে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, “সরকার যদি চায় তবে আমরা বিশ্বকাপ খেলতে যাব না। সরকার যেটা বলবে আমরা তেমনভাবেই চলবো। যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেব।” এক কথায় বলা যায়, নিজেদের পুরনো সিদ্ধান্ত থেকে এক চুলও সরে দাঁড়ায়নি পাকিস্তান।
একাধিক সূত্রের খবর, রবিবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পরেই নাকি একটি বৈঠক সারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি। সেখানেই, তিনি পাকিস্তান ক্রিকেট দলকে খুব পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, পাক বোর্ড নিজেদের পুরনো অবস্থানেই অবিচল। অর্থাৎ এখনও চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে পাকিস্তান। এর আগে এক সাক্ষাৎকারে পাক বোর্ডের প্রধান খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, “সরকার না চাইলে আমরা বিশ্বকাপ খেলব না।”
অবশ্যই পড়ুন: বদলে যাচ্ছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের মেনু, মিলবে আমিষ খাবারও
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়ে রাখলেও অভিজ্ঞ মহলের অনেকেরই দাবি, বিশ্বকাপের মতো বড় ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর সাহস নেই পাকিস্তানের। তবে যদি তারা শেষ পর্যন্ত এই কাজ করে সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বড়সড় শাস্তির মুখে পড়তে পারে PCB।