সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ-র (DA Arrears) রিপোর্ট নিয়ে ফের আসরে নামলেন সরকারি কর্মীরা। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ইন্দু মলহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটির তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা পড়েছে। তবে রিপোর্টে শিক্ষক, শিক্ষাকর্মী ও গ্রান্ট-ইন-এইড কর্মীদের দাবির উল্লেখ না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলির মধ্যে। এদিকে রিপোর্ট নিয়ে ফের একবার বড় দাবি করলেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।
এখনও বকেয়া পাননি ৯৬,২৫২ জন
মলয় মুখোপাধ্যায় ফেসবুকে এই বিষয়ে একটি পোস্ট করেছেন। সেই পোস্ট অনুযায়ী, ‘ইন্দু মালহোত্রা কমিটিকে দেওয়া সরকারের রিপোর্ট। বকেয়ার লক্ষ্যমাত্রা কর্মচারী ও পেনশনভোগী হলো ৭,৫২,৬৩১ জন, মোট লক্ষ্যমাত্রার অর্থ ৭,৪৫৮.৪২ কোটি টাকা। অর্থ পেয়েছেন ৬,৫৬,৩৯৭ জন। এখনও বকেয়া পাননি এমন কর্মরত ও প্রাক্তন কর্মচারীর সংখ্যা ১৭,১৭০ জন। পেনশনভোগী ও পরিবার পেনশনভোগীর সংখ্যা ৭৯,০৬৪ জন। কেএমসি এলাকার সংখ্যা ৪১, ৯৭৭ জন। দেওয়া হয়েছে ২৫, ৯৬৬, এখনো বাকি ১৬,০১১ জন।’ সরকার কবে এই টাকা রিলিজ করবে? তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।
২৭ অক্টোবর ডিএ মামলার শুনানি
সরকারি কর্মীরা ভেবেছিলেন পুজোর আগে বা পরে এই টাকা মিটিয়ে দেবে, কিন্তু তা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সকলের। এদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য রয়েছে। সুপ্রিম কোর্টের মামলার তালিকা অনুযায়ী, The State of West Bengal vs. Confederation of State Government Employees, West Bengal মামলাটি ২৭ অক্টোবর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। মামলার তালিকাভুক্তির ক্রমিক নম্বর ১৪। এমনটাই জানালেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ ফের অনেকটা কমে গেল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত এই মামলার শুনানির দিকে কর্মচারী মহল তাকিয়ে রয়েছে। তবে ২৭ অক্টোবর শুনানিতে কী সিদ্ধান্ত হবে, বকেয়া ডিএ নিয়ে নতুন কোনও নির্দেশ আসবে কি না, তা আগে থেকে নিশ্চিত করে বলা সম্ভব নয়। শুনানির পর সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক আদেশ প্রকাশিত হলে মামলার পরবর্তী অগ্রগতি স্পষ্ট হবে।